Published : 18 Dec 2025, 08:11 PM
নাটোর সদরের মহাসড়কের পাশের পরিত্যক্ত ঘরের বারান্দা থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের একডালা মেহেন্দি তলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান নাটোর সদর থানার ওসি শফিকুল ইসলাম।
নিহত রফিকুল ইসলাম শাহীন (৪০) একডালা মেহেন্দিতলা এলাকার রওশন আলীর ছেলে।
পরিবারের বরাতে ওসি শফিকুল বলেন, দুপুরে বাড়িতে খাওয়া-দাওয়ার শেষে তার চাঁদপুর এলাকায় সবজির দোকানের উদ্দেশ্যে রওনা দেয় শাহীন। কিন্তু অনেক সময় অতিবাহিত হওয়ার পর দোকানে না পৌঁছানোয় তার খোঁজ করতে থাকে পরিবারের লোকজন।
এ সময় অপ্রকৃতস্থ এক ব্যক্তি শাহিনের মরদেহ মেহেন্দি তলায় একটি পরিত্যাক্ত ঘরে পড়ে আছে বলে জানায়। ঘরটির অবস্থান মহাসড়ক থেকে কিছুটা নীচে। পরে খবর দেওয়া হলে পুলিশ এসে দ্রুত মরদেহ উদ্ধার করে।
শফিকুল আরও বলেন, “এটি হত্যাকাণ্ডই, শাহিনের মাথায় আঘাতের চিহ্ন আছে, তাকে হয়তো কোনো কিছু দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে কিভাবে কি হলো।
এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, দ্রুতই হত্যাকারীকে শনাক্ত করা হবে।