মন্ত্রী হলেন সিলেটের সেই আসনটির এমপি মুক্তাদির
মুক্তাদির পেয়েছেন সরকারের তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়- বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় সামলানোর দ্বায়িত্ব।
স্বাধীনতা পরবর্তী সময় থেকেই সিলেট-১ আসনে যে দলের প্রার্থী জয়লাভ করেন, সেই দলই সরকার গঠন করে-এটা মিথে পরিণত হয়েছে। এ আসনে অবস্থিত হযরত শাহজালাল-শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে বড় রাজনৈতিক দলগুলো প্রায়ই নির্বাচনি প্রচার শুরু করে।
সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলা নিয়ে গঠিত ‘মিথ ও মর্যাদার’ এ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন জাতীয় সংসদের সাবেক স্পিকার প্রয়াত হুমায়ুন রশীদ চৌধুরী, সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী প্রয়াত এম সাইফুর রহমান, সাবেক অর্থমন্ত্রী প্রয়াত আবুল মাল আবদুল মুহিত এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের মত হেভিওয়েট প্রার্থীরা।
এরই ধারাবাহিকতায় ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই আসন থেকে ধানের শীষের প্রার্থী হয়ে প্রথমবার বিজয়ী হয়েই মন্ত্রীসভায় জায়গা পেয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির।
পেয়েছেন সরকারের তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়- বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় সামলানোর দ্বায়িত্ব।
দ্বায়িত্ব পেয়ে খন্দকার আব্দুল মুক্তাদির সাংবাদিকদের বলেন, “সিলেটবাসী ও দেশবাসীর দোয়া চাইছি। দল যে আস্থা দেখিয়েছে, এর প্রতিদান যেন দিতে পারি।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে খন্দকার মুক্তাদির ১ লাখ ৭৬ হাজার ৯৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের হাবিবুর রহমান পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৯৮৩ ভোট।
গত এক দশকেরও বেশি সময় ধরে খন্দকার মুক্তাদির বিএনপির নীতি-নির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ২০১৬ সাল থেকে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
মুক্তাদির ২০১৮ সালেও বিএনপির হয়ে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ছিলেন। রাজনীতির পাশাপাশি দেশের পোশাক ও উৎপাদন শিল্পেও তিনি একজন পরিচিত ব্যক্তিত্ব।
