২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ

প্রক্টর বলেন, “আহতরা চাইলে আইনগত ব্যবস্থা নিতে পারেন। প্রক্টর অফিসে অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

রাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে আহত শেখ আবুল হাসান।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2026, 11:40 AM

Updated : 26 Aug 2026, 03:28 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রদল নেতা।

মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ একাডেমিক ভবনের সামনে এ ঘটনা ঘটে বলে অভিযোগ আহত শিক্ষার্থী শেখ আবুল হাসানের। হাসান ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

অভিযোগ ওঠা হাসিবুল ইসলাম হাসিব বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

হাসানের সঙ্গে থাকা শিক্ষার্থীরা জানায়, সোমবার বিকালে হাসানের এক বড়ভাই তার নারী বন্ধুকে নিয়ে চারুকলা এলাকায় বসেছিলেন। এ সময় সেখানে দায়িত্বরত এক প্রহরী তাদের সরে যেতে বলেন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রহরী ব্যক্তিগত উদ্যোগে নয় বরং কারও নির্দেশে তাদের হয়রানি করেছেন এবং এর সঙ্গে চাঁদাবাজির বিষয় জড়িত থাকতে পারে। 

পরে সেদিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই ঘটনার মীমাংসা করে দেন। 

কিন্তু সেই ঘটনার জেরেই হাসানের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। 

হাসান বলেন, “ঘটনার পর থেকেই হাসিব আমাকে ফোনে হুমকি দিচ্ছিল। রাতে আমি বড় ভাই ও বন্ধুদের সঙ্গে চায়ের দোকানে বসে ছিলাম। তখন সে কয়েকজন বহিরাগত নিয়ে এসে আমাকে ছুরি দিয়ে আঘাত করে। আমার সঙ্গে থাকা অন্যদেরও মারধর করা হয়।”

প্রত্যক্ষদর্শী সংস্কৃত বিভাগের শিক্ষার্থী আক্তার বলেন, “আমরা জুসের দোকানে বসে ছিলাম। দেখি হাসিবসহ কয়েকজন উত্তেজিত হয়ে দৌড়ে আসে। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাক্কাধাক্কি থেকে মারামারি শুরু হয়।”

পরে আহত অবস্থায় হাসানকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হলে তার শরীরে দুটি সেলাই দেওয়া হয়।

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন বলেও জানান হাসান।  

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন হাসিবুল ইসলাম হাসিব। তিনি বলেন, “আমি অসুস্থ ছিলাম। পহেলা বৈশাখের পর থেকেই অসুস্থ। আজ পরীক্ষা দিয়ে বাসায় চলে আসি। ক্যাম্পাসে থাকিনি। পরে ফেইসবুকে দেখলাম আমার নামে এমন অভিযোগ করা হচ্ছে।”

এর আগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের এক সদস্যের সঙ্গে চাঁদাবাজির ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনায় ২০২৪ সালের ১৯ অক্টোবর হাসিবুর ইসলাম হাসিবকে অব্যাহতি দিয়েছিল ছাত্রদল। 

এরপর ২০২৫ সালের ২৫ জুন তার বিরুদ্ধে ফের চাঁদাবাজির অভিযোগ তুলেছিল এক শিক্ষার্থী। এছাড়াও ক্যাম্পাসে নারী শিক্ষার্থীসহ কয়েকজনকে আটকে চাঁদা দাবির অভিযোগও ছিল তার বিরুদ্ধে। 

যদিও পরে এসব ঘটনায় সত্যতা পাওয়া যায়নি উল্লেখ করে ২০২৫ সালেই হাসিবসহ বহিষ্কার হওয়া তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে ছাত্রদল।

এ বিষয়ে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, “দুইপক্ষের মধ্যে একটা ভুল বুঝাবুঝি হয়েছিল। সেখানেই হাসিবের নাম আসে এবং একটি পক্ষ বিষয়টিকে অতিরঞ্জিত করার চেষ্টা করেছে। আমি দুই পক্ষের সাথে কথা বলেছি। আশা করি শিগগিরই বিষয়টি সমাধান হবে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, “বিষয়টি সমাধান করা হয়েছিল। কিন্তু সেটিকে কেন্দ্র করে এমন ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। 

“আহতরা চাইলে আইনগত ব্যবস্থা নিতে পারেন। প্রক্টর অফিসে অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”