২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে নারী পোশাক শ্রমিকদের মারধরের অভিযোগ, কারখানা বন্ধ ঘোষণা

হামলায় জড়িতদের বিচার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

গাজীপুরে নারী পোশাক শ্রমিকদের মারধরের অভিযোগ, কারখানা বন্ধ ঘোষণা
গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2025, 10:15 PM

Updated : 26 Aug 2026, 02:23 PM

গাজীপুর সদরে একটি পোশাক কারখানায় নারীদের লাঞ্ছিত, গালাগাল ও মারধরের অভিযোগে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। তবে শ্রমিকদের অভিযোগ অস্বীকার করেছেন কারখানা কর্তৃপক্ষ।

ঘটনার পরদিন সোমবার সকাল ৮টার দিকে কারখানা কর্মকর্তাদের বিচার দাবিতে উপজেলার মেম্বারবাড়ী এলাকায় ‘জায়ান্ট টেক্সটাইলস লিমিটেডের’ সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা।

খবর পেয়ে জয়দেবপুর থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের দাবি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার আশ্বাস দিলে আধা ঘণ্টা পর তারা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

তবে উদ্ভূত পরিস্থিতিতে রোববার কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় বলে জানান জায়ান্ট টেক্সটাইলস লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) আনোয়ারুল হক রিপন।

নির্যাতনের শিকার এক নারী শ্রমিক বলেন, “২০২৪ সালে জায়ান্ট টেক্সটাইলস কারখানায় সুইং সেকশনে জেএসএম অপারেটর হিসেবে যোগদান করি। কারখানার ভেতর ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কয়েকজন সদস্য বিভিন্ন সময় নারী কর্মীদের সঙ্গে অশালীন আচরণ করে আসছেন। 

“দীর্ঘদিন ধরে শ্রমিকরা কর্মকর্তাদের আচরণের প্রতিবাদ করে আসছেন। শনিবার সকাল ৮টার দিকে আমি কারখানায় প্রবেশ করছিলাম। এ সময় নারী কর্মীদের সঙ্গে অশালীন আচরণ করেন কর্মকর্তারা। তাৎক্ষণিক ঘটনার প্রতিবাদ করে বিষয়টি সুষ্ঠু সমাধানের দাবি জানান শ্রমিকরা। 

“আমিসহ কয়েকজন বিষয়টি নিয়ে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করি। তখন কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) সোহেল রানা অজ্ঞাত পরিচয় ৩০ থেকে ৪০ জন লোক নিয়ে এসে শ্রমিকদের উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় গালাগাল করেন।”

তিনি বলেন, “এক পর্যায়ে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। এ সময় সোহেল রানার নেতৃত্বে একদল লোক লাঠিসোঁটা নিয়ে আমাকেসহ আমার সঙ্গে থাকা কর্মীদের পিটিয়ে আহত করেন। হামলাকারীরা নারী শ্রমিকদের পোশাক টেনেহিঁচড়ে ছিঁড়ে ফেলা এবং অশোভন আচরণ করেন।”

আহত শ্রমিকরা গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানান ওই নারী শ্রমিক।

কারখানার শ্রমিক আল হাদী বলেন, “বহিরাগত লোকজন নিয়ে কারখানার কর্মকর্তারা শ্রমিকদের ওপর হামলা করেছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেন শ্রমিকরা।”

গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের গাজীপুর জেলার সাধারণ সম্পাদক জালাল হাওলাদার বলেন, “মালিকপক্ষের লোকজন শ্রমিকদের মারধর করার পাশাপাশি নারী শ্রমিকদের লাঞ্ছিত করেছে।

“সকালে শ্রমিকরা কারখানার সামনে গিয়ে দেখে কারখানা বন্ধ। পরে শ্রমিকরা কারখানা চালুর দাবি এবং শ্রমিকদের মারধর ও নারী শ্রমিকদেরকে লাঞ্ছিত করার বিচারের দাবি করেন।”

নারী শ্রমিকদের হামলার অভিযোগ অস্বীকার করে জায়ান্ট টেক্সটাইলস লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) সোহেল রানার বলেন, “শ্রমিকরা অতিরিক্ত ওভারটাইম দাবি করেন ও কার্ড পান্স করে চলে যান। কোনও শ্রমিককে বরখাস্ত করলে তাদের কাজে যোগদানের জন্য চাপ সৃষ্টি করেন।”

জায়ান্ট টেক্সটাইলস লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) রিপন বলেন, “আমাদের কারখানা শতভাগ কমপ্লায়েন্স নিয়মে পরিচালিত হয়। কোনও শ্রমিককে কখনও গালিও দেওয়া হয় না। এক শ্রমিককে পুনরায় নিয়োগ করার দাবিতে তার কিছু শুভাকাঙ্ক্ষী আমাদের বাধ্য করতে ব্যর্থ হয়। 

“পরে তারা অযৌক্তিক দোষারোপ করে একটা পরিস্থিতির সৃষ্টি করে। শ্রমিকরা আমাদের বিভিন্ন সেকশনের কর্মকর্তাদের মারধরও করেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কর্তৃপক্ষ শ্রম আইন অনুযায়ী লে-অফ ঘোষণা করে অনির্দিষ্টকালের জন্য কারখানায় বন্ধের নোটিস টানিয়ে দিয়েছে।”

পরিস্থিতি স্বাভাবিক হলে পরে নোটিস দিয়ে কারখানা চালুর তারিখ জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।