১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

চুয়াডাঙ্গা সীমান্তে ২৭ লাখ টাকার সোনার বারসহ গ্রেপ্তার ১

মোটরসাইকেলে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া দিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয় বলে জানায় বিজিবি।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2025, 05:33 PM

Updated : 26 Aug 2026, 02:32 PM

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সীমান্ত এলাকা থেকে প্রায় ২৭ লাখ টাকার একটি সোনার বারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বিজিবি। এ ছাড়া জব্দ করা হয়েছে একটি মোটরসাইকেল।

শুক্রবার সকালে সাড়ে ৬টার দিকে উপজেলার মুন্সীপুর সীমান্ত এলাকার কুতুবপুর গ্রাম থেকে তাকে আটক করা হয় বলে জানান চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী।

গ্রেপ্তার হাসেম বিশ্বাস (৪৮) উপজেলার মুন্সীপুর গ্রামের জসিম বিশ্বাসের ছেলে।

হায়দার আলী বলেন, গোপন খবর পেয়ে বিজিবি ভোররাত থেকে সীমান্ত এলাকার কুতুবপুর গ্রামের পাকা রাস্তার ওপর অবস্থান নেয়। সকাল ৬টা ৪০ মিনিটে সীমান্ত পিলার থেকে ১২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাস্তা দিয়ে এক ব্যক্তিকে মোটরসাইকেলে যেতে দেখে চ্যালেঞ্জ করে বিজিবি।

লোকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে, বিজিবি সদস্যরা তাকে ধাওয়া দিয়ে আটক করেন বলে জানান তিনি।

এ সময় তার শরীর তল্লাশি করে ১৪০ দশমিক ৫৩ গ্রাম ওজনের একটি সোনার বার পাওয়া যায়; যার আনুমানিক বাজার মূল্য ২৬ লাখ ৮৩ হাজার ৫১৭ টাকা বলে জানান বিজিবি কর্মকর্তা হায়দার আলী।

তিনি বলেন, আটক হাসেম বিশ্বাসের বিরুদ্ধে বিজিবির সুবেদার হাবিবুর রহমান বাদী হয়ে দামুড়হুদা থানায় মামলা করেছেন। এ ছাড়া জব্দ করা সোনার বার ট্রেজারিতে জমা কার্যক্রম প্রক্রিয়াধীন।