বাড়ির পাশে পুকুরে গোসলে নেমে ডুবে শিশুর মৃত্যু
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কুড়িগ্রামের রাজারহাট উপেজেলায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার উমরমজিদ ইউনিয়নের বালাবান্দি সরকার পাড়া গ্রামে রোববার বেলা ১১টায় এ ঘটনা ঘটে বলে ইউনিয়নের চেয়ারম্যান আহসানুল কবির আদিল জানান।
মৃত নয় বছর বয়সী জাকিয়া খাতুন ওই গ্রামের হাফেজ মো. জাকির ওরফে রুবেল মিয়ার মেয়ে এবং স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
ইউপি চেয়ারম্যান বলেন, জাকিয়া মাদ্রাসা থেকে বাড়ি ফিরে পাশের পুকুরে গোসল করতে যায়। কিন্তু সে আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে যায়।
এ সময় জাকিয়াকে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি বলে রাজারহাট থানার ওসি নাজমুল আলম জানিয়েছেন।
