২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে থেমে থাকা বাসে আগুন, চালক জেগে ওঠায় রক্ষা

“আগুনে বাসটির সামনের অল্প কিছু অংশ পুড়ে গেছে। চালক ও হেলপারও অক্ষত আছেন।”

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2025, 11:57 AM

Updated : 26 Aug 2026, 05:08 PM

নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়কে থামিয়ে রাখা একটি বাসে আগুন দেওয়া হয়েছে। বাসটির ভেতর ঘুমিয়ে থাকা চালক ও তার সহকারী বিষয়টি টের পাওয়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। 

রোববার রাত ২টার দিকে কর অঞ্চলের কার্যালয়ের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে এ ঘটনা ঘটে বলে ফতুল্লা মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানিয়েছেন।

তিনি বলেন, “বাসটির ভেতরে চালক ও তার সহযোগী ঘুমিয়ে ছিলেন। আগুনের তাপ পেয়ে তারা জেগে ওঠেন এবং দ্রুত বেরিয়ে যেতে সক্ষম হন।”

বাসের চালক মো. নাসির সাংবাদিকদের বলেন, তারা নারায়ণগঞ্জ শহরের একটি পোশাক কারখানার শ্রমিক পরিবহন করেন। রোববার শ্রমিকদের গন্তব্যে নামিয়ে বাসটি সড়কের ওপরে থামিয়ে রেখে তিনি ও তার সহযোগী নয়ন ঘুমিয়ে পড়েন।

“রাত আনুমানিক ২টার দিকে আগুনের তাপে ঘুম ভাঙলে দেখি ড্রাইভার সিটে আগুন জ্বলছে। তখন আমরা ডাক-চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে আগুন নিভিয়ে ফেলেন।”

পরে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মী ও পুলিশ ঘটনাস্থলে যায়। 

“কারা আগুন দিয়ে ঘুমে থাকায় দেখিনি”, যোগ করেন বাস চালক নাসির।

এ বিষয়ে ফতুল্লা থানার ওসি আনোয়ার বলেন, “আগুনে বাসটির সামনের অল্প কিছু অংশ পুড়ে গেছে। চালক ও হেলপার অক্ষত আছেন, তারা আহত হননি। দ্রুতই বেরিয়ে যেতে পেরেছিলেন।”

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে আগুনের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

আওয়ামী লীগের ১২ জন গ্রেপ্তার

এদিকে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে জেলাজুড়ে বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় দলটির অন্তত ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ তথ্য জানান নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা ব্যবস্থাও জোরদারের কথাও জানিয়েছেন তিনি।  

তিনি বলেন, রাজধানীর প্রবেশমুখের পাশাপাশি জেলার সড়ক ও মহাসড়কের গুরুত্বপূর্ণ নয়টি স্থানে তল্লাশি চৌকি ও ২৬টি মোবাইল টিম সক্রিয় রয়েছে।

এছাড়া, যেকোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলাজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে। পোশাকি পুলিশের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানোর হয়েছে বলেও পুলিশ সুপার জানান তারেক।

গত বছর জুলাই-অগাস্টে ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনা ঘটে। ওই ঘটনায় গত ২৩ অক্টোবর ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলার রায়ের জন্য প্রথমে ১৩ এবং পরে আগামী ১৭ নভেম্বর তারিখ নির্ধারণ করা হয়।

রায়ের দিনটিকে ঘিরে আওয়ামী লীগ ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি গ্রহণ করেছিল। পরে দিন পরিবর্তন করা হলে তারা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করে।

এ কর্মসূচি সফল করার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণায় চালাচ্ছে কার্যক্রম নিষিদ্ধঘোষিত রাজনৈতিক এ সংগঠনটির নেতা-কর্মীরা।

তবে সোমবার সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সড়ক মহাসড়কে পুলিশকে তল্লাশি কার্যক্রম চালাতে দেখা গেছে।