সিরাজগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে মামলা
“নির্যাতিত শিশুটি ঘটনা জানালেও তার স্বজনরা বিষয়টি থানায় অবগত না করে গোপন রেখেছিলেন।”
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় দ্বিতীয় শ্রেণীর এক শিশুকে ধর্ষণের অভিযোগে ১৪ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহস্পতিবার রাতে নির্যাতনের শিকার শিশুটির বাবা বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে রায়গঞ্জ থানার ওসি মো. আসাদুজ্জামান জানান।
এর আগে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নাড়য়া গ্রামে গত রোববার ধর্ষণের এ ঘটনা ঘটে। মাঝের চারদিন শালিসের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে।
ওসি আসাদুজ্জামান বলেন, রোববার সকালে ধর্ষণের ঘটনা ঘটলেও বিষয়টি জানাজানি হয় বুধবার। স্বজনরা গভীর রাতে শিশুটিকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার বর্নণায় এ পুলিশ কর্মকর্তা বলেন, “সাত বছর বয়সী ওই শিশুটি বাড়ির পাশে এনজিওর মাধ্যমে পরিচালিত একটি স্কুলে পড়াশুনা করে। স্কুল ঘরের মালিকের স্ত্রী সেখানে শিক্ষকতা করেন। ঘটনার দিন সকালে স্কুলে গেলে ওই শিক্ষিকার ছেলে শিশুটিকে আরেকটি ঘরে নিয়ে ধর্ষণ করে।
“এরপর নির্যাতিত শিশুটি ঘটনা জানালেও তার স্বজনরা বিষয়টি থানায় অবগত না করে গোপন রেখেছিলেন। ঘটনা জানাজানি হওয়ার পর ওই কিশোরসহ তার পরিবারের সবাই পালিয়ে যায়। ছেলেটিকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চলছে।”
শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের চিকিৎসক রায়হান খন্দকার বলেন, বর্তমানে শিশুটিরর শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত। তার স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। এখনও প্রতিবেদন তৈরি হয়নি।”
খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা কমিটির যুগ্ন আহ্বায়ক ইয়াসির আরাফাত ইশান, যুগ্ম-আহ্বায়ক মুনতাসির হাসান মেহেদি ও যুগ্ন সদস্য সচিব ইশরাত জাহান এশা হাসপাতাল পরিদর্শন করেছেন।
এ সময় তারা নির্যাতিত শিশুটির চিকিৎসার খোঁজ খবর নেন এবং পাশে থাকার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি ধর্ষকের গ্রেপ্তার করে শাস্তি দাবি করেন।
