২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টানা বৃষ্টিতে বাগেরহাটে জলাবদ্ধতা, দুর্ভোগ

তিনদিনে বাগেরহাটে ৩০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2025, 02:03 PM

Updated : 26 Aug 2026, 01:21 PM

উপকুলীয় জেলা বাগেরহাটে তিন দিনের টানা বৃষ্টিতে শহরসহ নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানিতে নিমজ্জিত রয়েছে জেলার প্রায় দেড় হাজার হেক্টর ফসলের মাঠ। 

বাগেরহাট কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো. মোতাহার হোসেন বলেন, গত তিনদিনে বাগেরহাটে ৩০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এমন বৃষ্টিতে বিভিন্ন এলাকার রাস্তাঘাট ও বাড়ির উঠান তলিয়ে রয়েছে। বৃষ্টির পানি জমে থাকায় রান্না-খাওয়ায় দারুণ অসুবিধার মধ্যে পড়েছেন বাসিন্দারা। 

বৃষ্টি-জলাবদ্ধতায় সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

বৃহস্পতিবার সকালে দেখা যায় বাগেরহাট শহরের বাসবাটি, খারদ্বার, রেলরোড, নাগেরবাজার, পুরাতন বাজার, হাড়িখালিসহ বিভিন্ন এলাকায় পানি জমে আছে। এছাড়াও জেলার শরণখোলা, রামপাল, মোংলা, মোরেলগঞ্জ উপজেলার নিচু এলাকায়ও জলাবদ্ধতার সৃষ্টির খবর পাওয়া গেছে।

শহরের পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা ভাল না থাকায় এমন জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ বাসিন্দাদের।

রেলরোড এলাকা স্বপন ঘরামী বলেন, একটু বৃষ্টি হলেই শহরের নিচু এলাকা পানিতে তলিয়ে যায়। আমরা এখন পানিতে তলিয়ে রয়েছি। 

শহরের বাসাবাটি এলাকার স্বপ্না বালা বলেন, পানির কারণে রান্না খাওয়ার দারুণ অসুবিধা হচ্ছে। পানি নামার ব্যবস্থা না থাকায় আমাদের এই দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বাগেরহাট কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো. মোতাহার হোসেন জানান, টানা বৃষ্টিতে আউস ধানের বীজতলা, পানের বরজ ও গ্রীষ্মকালীন সবজি মিলিয়ে ১ হাজার ৪২৪ হেক্টর জমি পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। 

বৃষ্টি অব্যাহত থাকলে এবং জমে থাকা পানি দ্রুত না নামলে ওই ফসলের বড় ধরনের ক্ষতির আশংকা থেকে যাচ্ছে বলেও জানান এই কৃষি কর্মকর্তা।