কুমিল্লায় গরু বিক্রি নিয়ে দ্বন্দ্বে বৃদ্ধ খুন, ছেলে পলাতক
ছালিয়াকান্দি ইউনিয়নের সুবিলারচর (পূর্ব পাড়া) গ্রামে এ হত্যাকাণ্ড হয় বলে পুলিশ জানায়।
কুমিল্লার মুরাদনগর উপজেলায় গরু বিক্রি নিয়ে বাকবিতণ্ডার জেরে এক বৃদ্ধ খুন হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। ঘটনার পর থেকে তার ছেলে পলাতক রয়েছেন।
সোমবার বিকালে উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের সুবিলারচর (পূর্ব পাড়া) গ্রামে এ হত্যাকাণ্ড হয় বলে মুরাদনগর থানার ওসি মো. হাসান জামিল খান জানান।
নিহত সুরুজ মিয়া (৬৫) ওই গ্রামের মৃত জাহেদ আলীর ছেলে।
ঘটনার পর থেকে তার বড় ছেলে ফয়েজ মিয়া (৩২) পলাতক রয়েছেন।
নিহতের স্ত্রী রহিমা বেগমের বরাতে পুলিশ জানায়, সুরুজ মিয়া তিন ছেলেকে আলাদা করে জমিজমা ও সম্পত্তি বুঝিয়ে দেন। তবে শর্ত ছিল, হজের জন্য নির্ধারিত টাকা পরিশোধের পর বাড়িতে থাকা ছয়টি গরু তিন ভাইয়ের মধ্যে ভাগ করে দেবেন।
বিকালে বাবার হজের টাকা পরিশোধ না করেই বড় ছেলে ফয়েজ মিয়া গরু বিক্রির উদ্যোগ নেয়। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে ফয়েজ মিয়া কাঠের টুকরা দিয়ে সুরুজ মিয়ার মাথায় এলোপাতাড়ি আঘাত করেন।
আহত অবস্থায় সুরুজ মিয়া মাটিতে লুটিয়ে পড়েন। ছেলে পালিয়ে যায়। পরে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সুরুজ মিয়া মারা যান।
ওসি হাসান জামিল বলেন, পুলিশ মরদেহ থানায় নিয়ে এসেছে।
