গোপালগঞ্জে ক্যালকুলেটর চুরির অভিযোগে ছাত্রকে মারধরের অভিযোগ
আহত ছাত্র হাসপাতালে চিকিৎসাধীন; শিক্ষককে হেফাজতে নিয়েছে পুলিশ।
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ক্যালকুলেটর চুরির অভিযোগে সাত বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে।
এ ঘটনায় ওই শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে উপজেলার কদমপুর হাফেজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন।
আহত সাত বছর বয়সী ওই ছাত্র মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। সে কদমপুর হাফেজিয়া মাদ্রাসার কায়দা বিভাগের শিক্ষার্থী।
অভিযোগ ওঠা শিক্ষক এনামুল মোল্লা একই উপজেলার কদমপুর গ্রামের বাসিন্দা।
মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীর ভাষ্য, ওই দিন মাদ্রাসার একটি ক্যালকুলেটর হারিয়ে যায়। পরে ওই ছাত্রের বিরুদ্ধে ক্যালকুলেটর নেওয়ার অভিযোগ তোলা হয়। এরপর শিক্ষক এনামুল মোল্লা তাকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। পরে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করেন।
ছাত্রের বাবা বলেন, “ক্যালকুলেটর চুরির মিথ্যা অভিযোগে আমার ছেলেকে পেটানো হয়েছে। প্রায় এক বছর ধরে সে এই মাদ্রাসায় পড়ছে। এর আগে তার বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠেনি।”
তিনি শিক্ষকের বিচার দাবি করেন।
অভিযোগ অস্বীকার করে শিক্ষক এনামুল মোল্লার ভাই আমিনুল হক বলেন, “আহম্মদকে মারধর করা হয়নি। সে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে।”
ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, “শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে রাখা হয়েছে। শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
