১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

লক্ষ্মীপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জান্নাত সকালে স্কুলে না গিয়ে বাড়ির উঠানে খেলাধুলা করছিল। সকাল ১০টার দিক থেকে হঠাৎ তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2026, 05:24 PM

Updated : 11 Sep 2026, 03:44 PM

লক্ষ্মীপুর সদরে পুকুরের পানিতে ডুবে ছয় বছর বয়সি এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আবিরনগর এলাকায় বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক জহুরুল ইসলাম রনি। 

মারা যাওয়া জান্নাত আক্তার আবিরনগর এলাকার খামার বাড়ির বাসিন্দা কৃষক নুর হোসেন নুরুর মেয়ে। সে দক্ষিণ লাহারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। 

প্রতিবেশি জামাল উদ্দিন বলেন, জান্নাত সকালে স্কুলে না গিয়ে বাড়ির উঠানে খেলাধুলা করছিল। সকাল ১০টার দিক থেকে হঠাৎ তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। দুপুর সাড়ে ১২টার দিকে তার দেহ ঘরের পাশের পুকুরে ভেসে উঠে। 

দ্রুত তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, মেয়েটি খুব শান্ত স্বভাবের ছিল। ধারণা করা হচ্ছে সবার অগোচরে সে কচুরিপানায় ঢাকা পুকুরটিতে পড়ে ডুবে যায়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক জহুরুল ইসলাম রনি বলেন, “হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে। শুনেছি সে দীর্ঘক্ষণ পানিতে ডুবে ছিল। আমরা তাকে মৃত পেয়েছি।”

পরিবার কোনো অভিযোগ বা ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ নিয়ে গেছে বলেও জানান এ চিকিৎসক।