Published : 27 Oct 2025, 07:26 PM
অন্তর্বর্তী সরকার এখন নির্বাচন করার জন্য প্রস্তুত বলে মন্তব্য করেছেন নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন।
তিনি বলেছেন, “অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য এখন স্পষ্ট; আমরা নির্বাচন করছি। নির্বাচন আয়োজনের দায়িত্ব সম্পূর্ণ নির্বাচন কমিশনের। সেখানে সরকারের কোনো হস্তক্ষেপের সুযোগ নেই। অন্তর্বর্তী সরকার শুধু সহযোগিতা করবে। নির্বাচন নিয়ে আর বিভ্রান্তি নয়।”
সোমবার দুপুর ১২টার দিকে ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া নদীবন্দরের তিনতলা টার্মিনাল ভবন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
এ সময় উপদেষ্টা ইলিশ উৎপাদন নিয়ে বলেন, “একসময় পদ্মায় ইলিশ ধরা পড়ত। এখন তা নামতে নামতে চাঁদপুর হয়ে ভোলায় আসে। বর্তমানে ভোলার ইলিশই সবচেয়ে বেশি পাওয়া যায়। আমরা যদি এই প্রক্রিয়াকে সমান্তরালভাবে এগিয়ে নিতে পারি, তাহলে হাজার হাজার জেলে আরও স্বচ্ছলভাবে জীবিকা নির্বাহ করতে পারবে। আমাদের মূল উদ্দেশ্য, প্রান্তিক জনগণের স্বার্থে কাজ করা এবং আমরা সেটাই করে যাচ্ছি।”
এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি, সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন, সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মেহেদী হাসান।
এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বাংলাদেশ নৌ বাহিনী, পুলিশ সদস্য ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।