২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটা: বগুড়ার সাতমাথা রণক্ষেত্র, আওয়ামী লীগ কার্যালয়ে হামলা

অপরদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে বিজিবি মোতায়েন করা হয়েছে।

কোটা: বগুড়ার সাতমাথা রণক্ষেত্র, আওয়ামী লীগ কার্যালয়ে হামলা
কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের সংঘর্ষে বগুড়ার সাতমাথা মোড় রণক্ষেত্রে পরিণত হয়।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2024, 07:58 PM

Updated : 26 Aug 2026, 10:01 AM

বগুড়া সরকারি আজিজুল হক কলেজে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ এবং সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী‌দের সঙ্গে ছাত্রলী‌গের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণ‌ক্ষে‌ত্রে প‌রিণত হ‌য়ে‌ছে জিরো পয়েন্ট সাতমাথা এলাকা। 

এ সময় আন্দোলনকারীরা শহরের আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালায় এবং পাশে থাকা পুলিশ বক্সের সামনে আগুন দেয়।

মঙ্গলবার সন্ধ্যায় সাতমাথা জিরো পয়েন্ট ও নবাববাড়ী সড়ক আন্দোলনকারীদের দখলে ছিল। 

অপরদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে বিজিবি মোতায়েন করা হয়েছে।

বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম সন্ধ্যা ৬টার দিকে বলেন, “আমরা পরিস্থিতি সামাল দিতে বিজেপি চেয়েছিলাম। সেই পরিপ্রেক্ষিতে তিন প্লাটুন বিজেপি নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যে বিজেপি পৌঁছে যাবে।”

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ৩টার দি‌কে শিক্ষার্থীরা বি‌ক্ষোভ মি‌ছিল নি‌য়ে সাতমাথায় সম‌বেত হন। তারপর সেখানে জড়ো হন ছাত্রলীগের নেতাকর্মীরাও। এরপরই দুপক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ এবং ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে ছাত্রলীগ পিছু হটে। 

এ সময় আন্দোলনকারীদের কয়েকজন পাশের আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালায়। সেখানকার ব্যানার, ফেস্টুন ছিড়ে ফেলে। পরে বিপরীত দিকে থাকা পুলিশ বক্সের সামনের রাস্তায় সেসব দিয়ে আগুন ধরিয়ে দেয়। এরপরই মূলত আন্দোলনকারীরা পুরো সাতমাথা জিরো পয়েন্ট এলাকা দখলে নেয়। পরে সোয়া ৭টার দিকে তারা সেখান থেকে সরে যায়। 

ইট-পাট‌কেল নি‌ক্ষে‌পের সময় কয়েকটি হাতবোমা বি‌স্ফোরণের শব্দ শোনা গেছে। এ সময় লাঠির আঘা‌তে স্থানীয় দৈনিক করতোয়ার জ্যেষ্ঠ আলোকচিত্রী শফিকুল ইসলাম শফিক, যমুনা টিভির জেলা প্রতিনিধি মেহেরুন সুজন আহত হয়। 

এ ছাড়া সিয়ান নামের এক কলেজছাত্র আহত হয়েছেন। আন্দোলনকারীদের তিনটি মোটরসাইকেলও ভাঙচুর করতেও দেখা গেছে। 

সড়কে অবস্থান নেওয়া আন্দোলনকারী‌ ও ছাত্রলীগের কর্মীদের হা‌তে লা‌ঠি‌ দেখা গেছে। সেখানে স্কুলের ছাত্ররাও ছিলেন। এ সময় এলাকায় পু‌লিশ মোতা‌য়েন থাক‌লেও তখন তা‌দের কোনো অ্যাকশনে যেতে দেখা যায়নি। 

আন্দোলনকারী ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় সাতমাথায় দুই ঘণ্টার বেশি সময় ধরে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের দোকানপাট বন্ধ হয়েছে। মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শহর কার্যত অচল হয়ে পড়ে। 

সাতমাথার ফুটপাতের দোকানদার হাবিব বলেন, “সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে পুলিশ সাতমাথা ও নবাববাড়ী সড়কে আন্দোলনকারীদের ওপর পুলিশ কাঁদুনে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।”

বগুড়া সদর থানার ওসি সাইহান ওয়ালিউল্লা সন্ধ্যা ৭টার দিকে বলেন, “আন্দোলনকারীরা মাঠ ছেড়েছে।”

তবে, কাঁদুনে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি। 

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান বলেন, “ছাত্রদের আন্দোলন পুলিশ পর্যবেক্ষণ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”

এ ব্যাপারে জানতে চাইলে বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা বলেন, “এখন না, এ বিষয়ে পরে জানাব।” 

আধা ঘণ্টা পর তাকে মোবাইল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।