যশোরে পাওনা টাকা চাওয়ায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যা
শার্শা থানার ওসি বলেন, হত্যাকাণ্ডের খবর শুনে পুলিশ পাঠিয়েছিলাম।
যশোরের শার্শা উপজেলায় পাওনা টাকা চাওয়ায় এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের পিঁপড়াগাছি গ্রামে এ ঘটনাটি ঘটে বলে জানান শার্শা থানার ওসি এম রবিউল হোসেন।
নিহত রহিমা খাতুন (৭০) ওই গ্রামের মৃত নবীছদ্দীন গাজীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ফিরোজা খাতুন দাবি করেন, রহিমা খাতুনের ছেলে মিজানুর রহমান প্রতিবেশী আব্দুস সামাদের ছেলে অপু হোসেনের কাছে টাকা পেত। পাওনা টাকা নিয়ে প্রায়ই দুই পরিবারের মাঝে ঝগড়া হত।
দুপুরে রহিমা মাঠের দিকে যাচ্ছিলেন। পথে অপু ও রহিমার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অপু মারধর করতে করতে বৃদ্ধাকে পাকা রাস্তার ফেলে দেন। তখন রহিমা মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারান।
পরিবারের লোকজন তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
ঘটনার পর পরই অপু ও তার পরিবারের লোকজন এলাকা ছেড়ে পালিয়ে যায়।
শার্শা থানার ওসি এম রবিউল হোসেন বলেন, হত্যাকাণ্ডের খবর শুনে পুলিশ পাঠিয়েছিলাম। লাশ ময়নাতদন্ত জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনও অভিযোগ আসেনি।
