Published : 11 May 2026, 05:45 PM
ফেনীতে স্বামীর বিরুদ্ধে দায়ের করা যৌতুক মামলার শুনানি চলাকালে আদালতের এজলাসে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন এক নারী।
ফেনীর ফুলগাজী আমলি আদালতে রোববার দুপুরে এ ঘটনা ঘটে। পরে আদালতে উপস্থিত কোর্ট পুলিশ ও লোকজন দ্রুত তাহমিনা আক্তার মোহনা নামের ওই নারীকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।
এ ঘটনার পর আদালত মোহনার স্বামী আকবর হোসেনের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
ফুলগাজী আমলি আদালতের পেশকার জসিম উদ্দিন বলেন, “ফেনী সদর উপজেলার পৌর এলাকার পশ্চিম রামপুরের মিজানুর রহমানের মেয়ে তাহমিনা আক্তার মোহনার সঙ্গে প্রেমের সম্পর্কে ফুলগাজী উপজেলার বিজয়পুর গ্রামের জাফর আহমদের ছেলে আকবর হোসেনের বিয়ে হয়। তবে আকবর দ্বিতীয় স্ত্রী হিসেবে তাহমিনাকে বিয়ের পর ঘরে তুলে না নেওয়ায় শুরু থেকেই তাদের দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন চলছিল। অভিযোগ রয়েছে, জনসম্মুখে স্ত্রীর স্বীকৃতি না দিয়ে উল্টো তাহমিনার কাছে যৌতুক দাবি করে আসছিলেন আকবর।
“স্বামী আকবর হোসেনের বিরুদ্ধে যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগ এনে তাহমিনা আক্তার বাদী হয়ে ফেনীর ফুলগাজী আমলী আদালতে যৌতুক নিরোধ আইনে একটি মামলা দায়ের করেন। চলতি বছরের ২৯ জানুয়ারি দায়ের করা ওই মামলার শুনানিতে আপোষ-মীমাংসার শর্তে বিচারক এর আগে আসামি আকবর হোসেনকে সাত দিনের জামিন মঞ্জুর করেছিলেন।”
তিনি বলেন, “শুনানি চলাকালে মামলার বাদী তাহমিনা চিৎকার করে বলেন, আজ যদি এই ঘটনার সুষ্ঠু সমাধান না হয়, তবে আমি বিষ খাবো। এর কিছুক্ষণ পরই তিনি সঙ্গে রাখা বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন।”
ফেনী জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক (ইএমও) শাহরিয়ার
কবির বলেন, রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন। পুলিশ ও হাসপাতালের লোকজন তাকে পর্যবেক্ষণে রেখেছেন।
ফেনীর সিভিল সার্জন ও ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মাদ রুবাইয়াত বিন করিম বলেন, “মেডিকেলের ভাষায় এ ধরনের বিষকে ‘ওপিসি প্রয়জনিং’ বলে। এটি মূলত এক ধরনের কেমিক্যাল যা সারে ব্যবহৃত হয়।”
তাহমিনার স্বজন রেহানা আক্তার বলেন, “আকবরের দ্বিতীয় স্ত্রী তাহমিনাকে বিয়ের পর দীর্ঘদিন ধরে ঘরে না তুলে অন্যত্র ফেলে রেখেছেন। তাকে বিয়ে করলেও দ্বিতীয় স্ত্রীর স্বীকৃতি দিচ্ছে না এবং মানসিক ও শারীরিক নির্যাতন করছে।
“তাহমিনা তাকে ছেড়ে দেওয়ার জন্য আকবরকে জানালেও তিনি ডিভোর্স দিচ্ছেন না আবার গ্রহণও করছেন না। আবার কাবিনের অর্থ দিতেও অস্বীকার করে উল্টো যৌতুকের টাকা দাবি করে নিয়মিত হুমকি দিচ্ছেন।”
তিনি বলেন, “এতে তাহমিনা মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন। তাই সে ক্ষুব্ধ হয়ে আদালতে বিষপানের চেষ্টা করেন।”
ফুলগাজী আমলি আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মোশারফ হোসেন বলেন, “বিচারপ্রার্থী এক মামলার বাদী আদালতের এজলাসে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করার ঘটনায় আদালত বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন।
“পরে বিচারক মোহাম্মদ মিনহাজ উদ্দিন আসামি আকবর হোসেনের জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।”
ফেনী কোর্ট পুলিশের পরিদর্শক মো. সাইফুল ইসলাম বলেন, এজলাসে বাদী তাহমিনা বিষপানে আত্মহত্যার চেষ্টা করায় তাকেও গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।