বাগেরহাটে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের
বজ্রপাতে একজন আহত হয়েছেন এবং তিনটি গরু ও একটি মহিষ মারা গেছে।
বাগেরহাটে সদর উপজেলায় গরু চরাতে গিয়ে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় একজন আহত হয়েছেন এবং তিনটি গরু ও একটি মহিষ মারা গেছে।
বুধবার দুপুরে উপজেলার ডেমা ইউনিয়নের পিসি ডেমা এলাকায় পঞ্চমালা মাঠে এ ঘটনা ঘটে বলে বাগেরহাট সদর মডেল থানার ওসি সাইদুর রহমান জানান।
নিহতরা হলেন- ডেমা গ্রামের প্রয়াত আমিন হকের ছেলে সাইদুর রহমান (২৭) এবং হেদায়েতপুর গ্রামের প্রয়াত কাওসার শেখের ছেলে সেলিম শেখ (৫৫)। তারা দুইজনই মাঠে গরু চরাতে গিয়ে ছিলেন।
ওসি সাইদুর বলেন, সাইদুর সকালে বাড়ি থেকে গরু নিয়ে পাশের পঞ্চমালা মাঠে গরু চরাতে গিয়ে ছিলেন। দুপুরে বজ্রসহ বৃষ্টিপাতের সময় তিনি মাঠেই ছিলেন।
“এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই সাইদুরের মৃত্যু হয়। ওই মাঠে থাকা আরেক উজ্জ্বল হাওলাদার এ সময় আহত হয়। তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।”
ওসি বলেন, তখন ওই মাঠে গরু নিয়ে গেলে বজ্রপাতে নিহত হন সেলিম।
নিহত সাইদুর রহমানের খালাতো ভাই নাসির উদ্দীন বলেন, “দুপুরে মুষলধারে বৃষ্টি শুরু হলে সাইদুর গরু ও মহিষ নিয়ে বাসার দিকে যাচ্ছিল। এ সময় আকস্মিক বজ্রপাতে তার মৃত্যু হয়। তার সঙ্গে থাকা উজ্জ্বল গুরুতর আহত হয়। এই সময় তিনটি গরু ও একটি মহিষের মারা যায়। “
