২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনা নদীর অবৈধ বালু উত্তোলনকারীদের বিচার দাবি

চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদীর তীরে এলাকাবাসী এই কর্মসূচি পালন করেন।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2026, 06:38 PM

Updated : 26 Aug 2026, 03:23 PM

চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রোববার উপজেলার চরভৈরবী এলাকার হাজী নগর সংলগ্ন মেঘনা নদীর তীরে এ কর্মসূচি করা হয়। 

এতে শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক, কৃষক, রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন। এ সময় তারা ব্যানার-ফেস্টুন নিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

হাইমচর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি শাহাদাত মিয়াজি ও সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দীন অভিযোগ করেন, একটি প্রভাবশালী চক্র চরভৈরবী এলাকায় ড্রেজার বসিয়ে দিন-রাত বালু উত্তোলন করছে। 

তাদের অভিযোগ, প্রশাসনিক নজরদারির ঘাটতির কারণে এসব কার্যক্রম বন্ধ হচ্ছে না। এতে নদীর স্বাভাবিক গতিপ্রকৃতি ব্যাহত হচ্ছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল আজিজ বলেন, নদী ভাঙনে ঘরবাড়ি বিলীন হওয়ার উপক্রম হয়েছে। প্রতিদিনই ভাঙন বাড়ছে, আতঙ্কে দিন কাটাচ্ছি।

কৃষক রফিকুল ইসলাম বলেন, ফসলি জমি নষ্ট হয়ে যাচ্ছে। জীবিকা হারানোর শঙ্কায় আছি, অথচ কার্যকর কোনো ব্যবস্থা দেখা যাচ্ছে না।

মানববন্ধনে উপস্থিত শিক্ষকরা বলেন, নদী ভাঙন অব্যাহত থাকলে শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন অবকাঠামো ঝুঁকির মুখে পড়বে, যা শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য বড় হুমকি।

মানববন্ধন থেকে বালু উত্তোলন বন্ধ, জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নদীভাঙন রোধে টেকসই ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানানো হয়। 

পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসন ও সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেন তারা।