২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে নবজাতকের পেট কেটে ফেলার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

“পরে রক্ত বেশি বের হলে ওই চিকিৎসককে খবর দেওয়া হলে তিনি এসে নাভির পাশে কেটে ফেলা অংশে দুইটি সেলাই করে দেন।”

ফরিদপুরে নবজাতকের পেট কেটে ফেলার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে
ফরিদপুর শহরের সৌদি-বাংলা হাসপাতাল।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2024, 11:52 PM

Updated : 26 Aug 2026, 09:51 AM

ফরিদপুরের সিজারিয়ান অপারেশন করার সময় নবজাতকের পেট কেটে ফেলার অভিযোগ উঠেছে এক গাইনী চিকিৎসকের বিরুদ্ধে।

শহরের সৌদি-বাংলা (প্রা.) হাসপাতালে এই ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় নবজাতককে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ফরিদপুর কোতয়ালী থানার এসআই শামীম হাসান। 

কন্যাশিশুটি শহরের চর কমলাপুর এলাকার বাসিন্দা নায়েব আলী ও মুরশিদা বেগমের প্রথম সন্তান। 

নায়েব আলী বলেন, শনিবার বিকালে তার স্ত্রীর প্রসব বেদনা হলে বেসরকারি হাসপাতাল সৌদি বাংলায় ভর্তি করেন। সেখানকার গাইনী চিকিৎসক শিরীন আক্তার তার স্ত্রীর সিজারিয়ান অপারেশন করেন। 

“পরে আমার হাতে আমার কন্যা সন্তানকে তুলে দেয়। কিছু সময় পর দেখতে পাই নাভির পাশ দিয়ে রক্ত বের হচ্ছে। নাভির পাশে বেশ খানিকটা কাটা। শরীর নীল হয়ে যাচ্ছে।” 

বিষয়টি জানালে হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে কোনো গুরুত্ব দেয়নি অভিযোগ করে তিনি বলেন, “পরে রক্ত বেশি বের হলে ওই চিকিৎসককে খবর দেওয়া হলে তিনি এসে নাভির পাশে কেটে ফেলা অংশে দুইটি সেলাই করে দেন।”

নায়েব আলী বলেন, “রাতেই মেয়েকে শিশু হাসপাতালে নিয়ে যাই, সেখানকার চিকিৎসকরা ঢাকায় নিয়ে যেতে বলেন। কিন্তু আমার আর্থিক অবস্থা ভালো না। তাই ঢাকায় না নিয়ে রোববার সকালে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছি।” 

“আমার প্রথম সন্তান, কোনোভাবেই এটা মেনে নিতে পারছি না” যোগ করেন এই বাবা। 

সৌদি-বাংলা হাসপাতালের গাইনী চিকিৎসক শিরীন আক্তার বলেন, “এটি অনাকাঙ্খিত ঘটনা। অপারেশন করার সময় দেখতে পাই নবজাতকের অবস্থান ঠিক জায়গায় ছিল না। এছাড়া নাড়িতেও জড়িয়ে ছিল। কিছুটা অংশ ফেটে যায়। পরে সেলাই করে দেওয়া হয় “

এই হাসপাতালের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম লিখন বলেন, “এটি একটি অনাকাঙ্খিত ঘটনা। খবর পেয়ে হাসপাতালে এসে শিশুটির খোঁজখবর নিয়েছি। ওই শিশুটিকে সুস্থ করতে যাবতীয় ব্যাবস্থা নেওয়া হয়েছে।”

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক পারভেজ জানান, শিশুটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে ৭২ ঘণ্টার আগে কিছু বলা যাবে না।

ফরিদপুর কোতয়ালী থানার এসআই শামীম হাসান বলেন, অভিযোগের প্রেক্ষিতে হাসপাতালে গিয়েছিলাম, শিশুটির বিষয়ে খোঁজখবর নিয়েছি। তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।