দুর্ঘটনা: ঢাকা-চট্টগ্রাম সড়কের কুমিল্লা অংশে গাড়ির জটে ভোগান্তি
বৃহস্পতিবার ভোরে চান্দিনার মাধাইয়া এলাকার নুড়িতলা এলাকায় একটি লরি উল্টে যায়। এ সময় দুই লেনের একটি বন্ধ হয়ে গেলে যানজট সৃষ্টি হয়।
দুর্ঘটনা ও সংষ্কার কাজের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।
বৃহস্পতিবার সকাল থেকে মহাসড়কের কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে চান্দিনা এবং মাধাইয়া থেকে গৌরীপুর পর্যন্ত এ দীর্ঘ জটের সৃষ্টি হয়।
যাত্রীরা জানান, বৃহস্পতিবার ভোরে চান্দিনার মাধাইয়া এলাকার নুড়িতলা এলাকায় একটি লরি রাস্তায় উল্টে যায়। এ কারণে ওই এলাকায় দুই লেনের একটি বন্ধ হয়ে গেলে মহাসড়কে যানজট দীর্ঘ হতে শুরু করে। এছাড়া সকালে মহাসড়কের বুড়িচং উপজেলার নিমসারে উল্টা পথে আসা একটি ট্রাক সড়ক বিভাজনের ওপর দুর্ঘটনার কবলে পড়ে।
দাউদকান্দি হাইওয়ে থানার ইলিয়টগঞ্জ ফাঁড়ির এসআই প্রেমধন মজুমদার জানান, মাধাইয়া এলাকায় দুর্ঘটনা কবলিত লরিটি উদ্ধার করা হয়েছে। এখন কুমিল্লা-ঢাকা লেনে যানজট আছে। যানজট কমিয়ে আনতে পুলিশ কাজ করছে।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে একপাশ বন্ধ রেখে সড়ক ও জনপথ বিভাগ মেরামত কাজ করছে বলে ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান।
তিনি বলেন, “বৃহস্পতিবার দুপুরের সময়ে মহাসড়কে যানবাহনের চাপ বেশি থাকে। তাই সওজকে আপাতত কাজ বন্ধ রাখতে বলেছি। আমাদের দুটি টিম যানজট নিরসনে কাজ করছে।”
বেলা ১টার সময় যানজটে আটকে ছিলেন কুমিল্লা থেকে ঢাকাগামী যাত্রী সবুজ মিয়া। তিনি বলেন, “চরম দুর্ভোগে পড়েছি। সকাল ৯টায় রওনা হয়েছি। এখনও ঢাকা যেতে পারিনি।”
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সড়ক ও জনপথ বিভাগের কুমিল্লার নির্বাহী প্রকৌশলী সুনিত চাকমা বলেন, “গত কয়েদিন আবহাওয়া ভালো ছিল না। সকালে আবহওয়া ভালো থাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে আবার সংষ্কার কাজ শুরু করা হয়। কিন্তু এ কারণে যানজট সৃষ্টি হয়নি। মাধাইয়া এলাকায় দুর্ঘটনার কারণে এ অবস্থা হয়েছে।”
