১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সেনাবাহিনীর মেজর পরিচয়ে বিয়ে, চার যুবক গ্রেপ্তার

তাদের কাছ থেকে তিনটি স্মার্টফোন ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

সেনাবাহিনীর মেজর পরিচয়ে বিয়ে, চার যুবক গ্রেপ্তার
মেয়েটির বাবার বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2025, 07:42 PM

Updated : 10 Sep 2026, 12:41 PM

ময়মনসিংহের মুক্তাগাছায় সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে বিয়ে করা যুবক ও তার তিন সহযোগীকে প্রতারণা মামলায় গ্রেপ্তার করেছে র‍্যাব। 

সোমবার বিকালে ময়মনসিংহ র‍্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এ দিন ভোরে মুক্তাগাছা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, কুমিল্লা জেলার মো. মাহিন হোসেন (৩১), মো. ইউসুফ হোসেন (৩৫), মো. মনির হোসেন (৩২) ও মুন্সিগঞ্জ জেলার মনির হোসেন (৩২)। 

তাদের মধ্যে মাহিন নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দেন।

গ্রেপ্তারের পাশাপাশি তাদের কাছ থেকে তিনটি স্মার্টফোন, নগদ ৩ হাজার ৯০০ টাকা ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাহিন হোসেন মুক্তাগাছা উপজেলার এক তরুণীর সঙ্গে সেনাবাহিনীর মেজর পরিচয়ে ফেইসবুকে সম্পর্ক  গড়ে তুলেন। পরে গোপনে তারা বিয়ে করেন। 

বিষয়টি জানাজানি হলে বাবা তার মেয়েকে জামাই নিয়ে বাসায় আসতে বলেন। 

মাহিন হোসেন বউ ও তার তিন সহযোগীকে নিয়ে প্রাইভেট কারে শ্বশুরের বাসায় আসেন।

তখন তার কাছে মেজর পদবীর পরিচয়পত্র ও কর্মস্থলের বিষয়ে জানতে চাইলে মাহিন দাবি করেন, তিনি র‌্যাব-১৪ ময়মনসিংহের সিওর দায়িত্ব পেয়েছেন।  

বিষয়টি সন্দেহজনক মনে হলে যাচাই-বাচাইয়ের জন্য ঢাকা ও ময়মনসিংহ সেনানিবাসে যোগাযোগ করেন মেয়েটির বাবা। 

তখন মাহিন নিজেকে মেজর দাবি করার বিষয়টি সঠিক নয় বলে জানতে পারেন মেয়ের বাবা। 

পরে এ বিষয়ে অভিযোগ দিলে র‍্যাবের একটি দল বাদীর বাসা থেকে মাহিন হোসেনসহ চারজনকে গ্রেপ্তার করে।

ময়মনসিংহ র‍্যাব-১৪ সিনিয়র সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার (মেজর) শিশির মাহমুদ তালুকদার বলেন, গ্রেপ্তার আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।