চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন
২০২৪ সালের ৭ সেপ্টেম্বর একটি বাঁশবাগানে মেয়েটিকে ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার দুপুরে চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এম এম শাহজাহান মুকুল জানান।
দণ্ডিত ২৪ বছর বয়সী মো. খাইরুল ইসলাম চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি মাদ্রাসাপাড়ার মো. সিরাজুল ইসলামের ছেলে।
সাজার পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানাও দিয়েছেন বিচারক।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর বিকালে চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজ মোড় হয়ে বাড়ি ফিরছিল এক স্কুলছাত্রী। এ সময় বিয়ের মিথ্যা প্রলোভনে বুজরুকগড়গড়ি মাদ্রাসা পাড়ার ওই স্কুলছাত্রীকে একটি ইজিবাইকে তুলে নিয়ে যায় খাইরুল। পরে পৌর এলাকার সুমিরদিয়ায় একটি বাঁশবাগানে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করে।
ঘটনাটি কাউকে জানালে হত্যা করা হবে বলেও মেয়েটিকে হুমকি দেয় খায়রুল।
এ ঘটনার পরদিন স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেন।
অ্যাডভোকেট শাহজাহান মুকুল বলেন, মামলায় আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।
