টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহতদের সাতজন নওগাঁর রাজেন্দ্রবাটির, গ্রামজুড়ে শোক
টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ জনের মধ্যে নওগাঁর মান্দা উপজেলার ১০ জন রয়েছেন।
টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ জনের মধ্যে নওগাঁর মান্দা উপজেলার রাজেন্দ্রবাটি গ্রামেরই সাতজন। সেই গ্রামজুড়ে চলছে শোকের মাতম।
নিহতদের পরিবারের সদস্যরা বলছেন, তারা নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার উত্তর নাজিরপুর কলোনিতে ভাড়া বাসায় থেকে হকারি করতেন। কোরবানির ঈদ উপলক্ষে তারা বাড়ি ফিরছিলেন।
যাতায়াতের খরচ বাঁচাতে তারা রডবোঝাই ট্রাকটিতে ওঠেছিলেন। সেখানে মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের আরও কয়েকজন ছিলেন। ইউনিয়নের রাজেন্দ্রবাটি গ্রামের সাতজনসহ মোট ১০ জন নিহত হয়েছেন। বাকি তিনজন পাকুড়িয়া ও মশিদপুর গ্রামের।
নিহতরা হলেন- রাজেন্দ্রবাটি গ্রামের তারেক জিয়া (২১), বাদশা মিয়া (৩০), আব্দুল বারিক (২০), সোহাগ হোসেন (২১), রবিউল ইসলাম (২৮) মাইনুর ইসলাম (৩০) ও সাগর হোসেন (২০), পাকুড়িয়া গ্রামের সহোদর মাইনুর রহমান (২৫) ও গিয়াস উদ্দিন (২২) এবং মশিদপুর গ্রামের সুজন আলী (৩৫)।
স্বজনরা বলছেন, নিহত সবাই ফেরিওয়ালা ছিলেন। তারা সাইকেলে করে বাড়ি বাড়ি ঘুরে প্লাস্টিকের তৈরি বিভিন্ন পণ্য বিক্রি করতেন। কেউ কেউ নারীদের চুল ও পুরনো মোবাইল ফোন সংগ্রহের কাজও করতেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, সোমবার ভোর ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সরাতৈল এলাকায় রডবোঝাই ট্রাকটি উল্টে মোট ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। আহতরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
আহত ও দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া যাত্রীদের মাধ্যমে খুব সকালে সাতজনের মৃত্যুর খবর রাজেন্দ্রবাটি গ্রামে পৌঁছে। সঙ্গে সঙ্গে পুরো গ্রামজুড়ে শোকের ছায়া নেমে আসে। নিহতদের পরিবারে শুরু হয় আহাজারি। আশপাশের গ্রামের লোকজন ও প্রতিবেশীরা নিহতদের বাড়িতে ছুটে আসেন। তারা নিহতদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু একসঙ্গে গ্রামের সাতজনকে হারিয়ে সবাই বাকরুদ্ধ হয়ে পড়েন।
রাজেন্দ্রবাটি গ্রামের ফিরোজ হোসেন বলেন, “বেগমগঞ্জের উত্তর নাজিরপুর কলোনিতে এই এলাকার শতাধিক যুবক বছরজুড়ে হকারি ও নানা পণ্যের ব্যবসা করেন। ঈদের সময় বাসে বাড়ি ফিরতে জনপ্রতি এক হাজার ৮০০ থেকে দুই হাজার টাকা গুনতে হয়।
“অতিরিক্ত ভাড়া এড়াতে অনেকেই পণ্যবাহী ট্রাকে যাতায়াত করেন। নিহতরাও একইভাবে ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। পথে তাদের প্রাণ গেল।”
দুর্ঘটনায় স্বামীকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন নিহত বাদশা মিয়ার স্ত্রী সাবিনা খাতুন। একমাত্র মেয়ে রাহী মনিকে নিয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছেন তিনি। তাকে সান্ত্বনা দিতে গিয়ে স্বজনেরাও কান্না থামাতে পারছেন না।
কান্নাজড়িত কণ্ঠে সাবিনা খাতুন বলছিলেন, বাড়ি ফেরার পথে রাতে স্বামীর সঙ্গে তার কয়েকবার কথা হয়েছে।
“মেয়ের জন্য নতুন জামা আর মেহেদী কেনার কথাও বলেছিলেন তিনি। মেয়ে অপেক্ষায় ছিল বাবা তার জন্য ঈদের জিনিস নিয়ে আসবে। রাত ১০টার দিকে তার সঙ্গে পরিবারের শেষ কথা হয়। সকালে তার মৃত্যুর খবর পাই।”
নিহত ফেরিওয়ালা আব্দুল বারিকের বাড়িতে গিয়ে দেখা যায়, তার মা ও স্ত্রী মারুফা অবিরাম কেঁদে চলেছেন। মাত্র এক বছর আগে বিয়ে হয় বারিক-মারুফার।
মারুফা (২০) বলেন, রোববার বিকালে সবশেষ তার স্বামীর সঙ্গে মোবাইলে কথা হয়। এরপর আর কোনো যোগাযোগ হয়নি। সকালে জানতে পারেন স্বামী সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
এ বিষয়ে মান্দা থানার ওসি খোরশেদ আলম বলেন, দুর্ঘটনায় নিহত সবার পরিচয় এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, “আমরা নিহতদের পরিবার ও স্বজনদের খোঁজ-খবর রাখছি। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিবারের জন্য ২৫ হাজার টাকা ও শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে।”
মরদেহ দাফনসহ নিহতদের পরিবারকে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার কথা বলেন ইউএনও।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো বাড়িতে আসতে একটু সময় লাগতে পারে।
