২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে দগ্ধ শিশুর পর চলে গেলেন মা-বাবাও

“আগুনে রিপনের শরীরের ৮০ শতাংশ ও হাফিজার ৭৩ শতাংশ এবং তাদের শ্বাসনালীও পুড়ে গিয়েছিল।”

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2025, 01:52 PM

Updated : 26 Aug 2026, 01:32 PM

গাজীপুর নগরের পূবাইল এলাকায় রান্না ঘরে জমে থাকা গ্যাসের আগুনে শিশুর মৃত্যুর পর তার মা-বাবাও মারা গেছেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে এবং বৃহস্পতিবার ভোরে তাদের মৃত্যু হয় বলে জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানিয়েছেন।

এর আগে রোববার ভোর ৪টার দিকে পূবাইল থানার মীরের বাজার এলাকার সাজ্জাদ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তিন জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, ওই দিন সকাল সাড়ে ৭টায় রিপন মিয়া (২৩), হাফিজা (২০) এবং তাদের চার মাস বয়সী ছেলে রায়হানকে বার্ন ইনস্টিটিউটে আনা হয়। তাদের মধ্যে রায়হানকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল।

তিনি বলেন, “আগুনে রিপনের শরীরের ৮০ শতাংশ ও হাফিজার ৭৩ শতাংশ এবং তাদের শ্বাসনালীও পুড়ে গিয়েছিল। দুজনের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক ছিল। বুধবার রাত সাড়ে ১১টার দিকে হাফিজা এবং বৃহস্পতিবার ভোরে রিপন মারা যায়।”

পুবাইল থানার ওসি আমিরুল ইসলাম বলেন, রিপন তার পরিবার নিয়ে ২ অগাস্ট সাজ্জাদ মিয়ার বাড়িতে ভাড়া ওঠেন। আসবাবপত্র গোছানোর সময় ঘরের পাশেই রান্নার ঘরে গ্যাস সিলিন্ডার রেখেছিল। গ্যাস সিলিন্ডারটির মাথার রেগুলেটর লুজ থাকায় ছিদ্র দিয়ে রাতভর গ্যাস বের হয়ে জমে থাকে।

ভোর শিশু বাচ্চার দুধ খাওয়ানোর জন্য চুলায় গ্যাস ছেড়ে ম্যাচ দিয়ে আগুন ধরাতে গেলেই শব্দ করে ওই অগ্নিকাণ্ড হয়। ওই আগুন থেকেই তারা দগ্ধ হয়। পরে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে বলে জানান তিনি।

রিপনের বাড়ি ময়মনসিংহের তারাকান্দায়। তিনি প্রাণ আরএফএলে চাকরি করতেন।

এ তথ্য জানিয়ে রিপনের ভাই রাসেল মাহমুদ বলেন, “ঘটনার সময় বাসার দরজা-জানালা বন্ধ ছিল। রান্নার জন্য চুলা জ্বালাতে গেলে আগুন ধরে যায়। গ্যাসের লাইন লিক করায় গ্যাস জমেছিল বলে শুনেছি।”