Published : 22 Aug 2026, 03:32 PM
নাটোর সদর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত অটোভ্যান চালক ও যাত্রী নিহত হয়েছেন।
শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার বড়হরিশপুর বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নাটোরের ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি জাকির হোসেন।
নিহতরা হলেন- উপজেলার জয়নগর পূর্বপাড়া এলাকার জমশেদ আলীর ছেলে অটোভ্যান চালক সাব্বির হোসেন (২৩) এবং বড়হরিশপুরের রাজিবপুর এলাকার হাসান আলীর ছেলে সাঈদ হোসেন (৪৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে ঢাকাগামী শিশির পরিবহনের যাত্রীবাহী একটি বাস পথে অটোভ্যানকে পেছন থেকে চাপা দেয়। এ সময় বাসের ধাক্কায় ঘটনাস্থলেই ভ্যান চালক সাব্বির এবং যাত্রী সাইদ হোসেন মারা যান।
ওসি জাকির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়।
তিনি বলেন, দুর্ঘটনার পরপর চালক ও হেলপার পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়। তাদের আটকে অভিযান শুরু হয়েছে।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।