২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমধ্যসাগরে নিহত মাদারীপুরের দুজনের পরিবারে মাতম

ইউএনও বলেন, “শিবচরের বাসিন্দাদের লাশ যাতে দেশে ফিরিয়ে আনা যায় সেই বিষয়ে আমরা চেষ্টা করব।”

ভূমধ্যসাগরে নিহত মাদারীপুরের দুজনের পরিবারে মাতম
মাদারীপুরের শিবচর পৌরসভার খানকান্দি এলাকার আলী হাওলাদারের বাড়িতে চলছে শোকের মাতম।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2024, 05:26 PM

Updated : 10 Sep 2026, 12:09 PM

ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে কাঠের নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় ডুবে নিহত ১১ জনের মধ্যে ‘দুইজন’ মাদারীপুরের বাসিন্দা বলে জানিয়েছেন স্বজনরা। নিহতদের লাশ দেশে ফিরিয়ে আনার দাবি করেছেন তারা। 

এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ৬৪ জন। তাদের মধ্যে ২৬ জন শিশু রয়েছে। 

মাদারীপুরের শিবচর পৌরসভার খানকান্দি এলাকার ইউনুস হাওলাদারের ছেলে আলী হাওলাদার ওই ঘটনায় নিহত হন। সম্প্রতি দুবাই হয়ে লিবিয়া পৌঁছে সেখান থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে যান। 

এর আগেও একবার সমুদ্র পথে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ব্যর্থ হন তিনি। নিহত আলী হাওলাদার ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। রাফিন (৬) ও রাবেয়া (১) নামের দুই সন্তান রয়েছে তার। 

দরিদ্র আলী হাওলাদার ধার-দেনা করে পরিবারের স্বচ্ছলতার আশায় প্রায় ১৫ লাখ টাকা খরচ করে জীবনের ঝুঁকি নিয়ে সাগরপথে লিবিয়া হয়ে ইতালি যাত্রা করেন। 

মঙ্গলবার আলী হাওলাদার অন্যদের সঙ্গে সাগর পাড়ি দিতে গেলে দুর্ঘটনায় মোট ১১ জনের মৃত্যু হয়। নিহত ১১ জনের মধ্যে ‘দুইজন’ মাদারীপুরের বিভিন্ন এলাকার বাসিন্দা। 

এদের মধ্যে শিবচরের সাব্বির হোসেন নামের একজন রয়েছেন বলে জানিয়েছে আলী হাওলাদারের পরিবার। 

তুরস্ক থেকে ছেড়ে আসা এ নৌকায় ইতালির ক্যালাবরিয়া থেকে ২০০ কিলোমিটার দূরে আগুন ধরলে সেটি উল্টে যায়। নৌকায় থাকা ৬৪ জন নিখোঁজ রয়েছেন এবং মৃত এক নারীসহ ১১ জনকে জীবিত উদ্ধার করে তীরে নিয়ে আসে কোস্টগার্ড। 

নিহত আলী হাওলাদারের স্ত্রী রোমেনা আক্তার বলেন, “আমার স্বামী সন্তান দুইডার মুখের দিকে তাকিয়ে ধার দেনা করে ইতালি যাওয়ার চেষ্টা করে আসছিল। আল্লাহ তো ইতালি নিল না। এখন আমি আমার সন্তান দুইটাকে নিয়ে কিভাবে যে বেঁচে থাকব। 

“আর কত যে সংগ্রাম আমার করতে হবে সেটা ভেবেই কোনো কূল-কিনারা খুঁজে পাচ্ছি না। আমার সন্তানরা যেন তার বাবার কবরটা দেশেই দিতে পারে তার জন্য সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি।” 

তিনি বলেন, “আর এই যে ১৫ লাখ টাকার বেশি ধারদেনা হয়ে গেছি এই টাকাই বা এখন কীভাবে শোধ করব। কিছুই বুঝতে পারছি না। আমার সব স্বপ্ন নিমিষেই শেষ হয়ে গেল।” 

এই বিষয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, “লিবিয়ার ভূমধ্যসাগরে নৌকা ডুবিতে শিবচরের দুই জনের কথা শুনেছি। শিবচরের বাসিন্দাদের লাশ যাতে দেশে ফিরিয়ে আনা যায় সেই বিষয়ে আমরা চেষ্টা করব।” 

ইতালির কাছে সাগরে ১১ জনের মৃত্যু, নিখোঁজ ৬৪, নৌকায় বাংলাদেশিও ছিল

ইউএনএইচসিআর, ইউনিসেফ ও আরওএম এর বরাতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, লিবিয়া থেকে ছেড়ে আসা এ নৌকায় বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, সিরিয়া ও মিশরের নাগরিক রয়েছেন। 

অপর ডুবে যাওয়া নৌকার অভিবাসন প্রত্যাশীদের মধ্যে ইরান, ইরাক ও সিরিয়ার নাগরিক থাকার তথ্য দেয় জাতিসংঘের সংস্থাগুলো। 

রয়টার্স লিখেছে, জাতিসংঘের তথ্য বলছে ২০১৪ সাল থেকে মধ্য ভূমধ্যসাগরে সাড়ে ২৩ হাজারের বেশি মৃত্যু ও নিখোঁজ হয়েছে। 

এর আগে চলতি মাসের প্রথমভাগে লিবিয়ার উপকূল থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া তুরস্ক থেকে ছেড়ে আসা আরেক নৌযান ডু্বে ৯৪ জনের মৃত্যু হয়।