১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শ্রমিকদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, কাঁদানে গ্যাস ছুড়ে সরাল পুলিশ

বিএনপির সংসদ সদস্য আবুল কালামের মালিকানাধীন কারখানার শ্রমিকরা পূর্ণ বেতন-বকেয়ার দাবিতে নারায়ণগঞ্জে এ বিক্ষোভ করেন।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2026, 05:48 PM

Updated : 11 Sep 2026, 03:18 PM

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রপ্তানিমুখী একটি পোশাক কারখানায় চলতি মাসের পুরো বেতন ও অর্জিত ছুটির পাওনা পরিশোধের দাবিতে আড়াই ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা। 

এতে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হলে বিক্ষুব্ধ শ্রমিকদের মহাসড়ক থেকে সরাতে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়েছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে সোনারগাঁয়ে উপজেলার ত্রিপরদী এলাকায় অবস্থিত কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য ও বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালামের মালিকানাধীন চৈতি কম্পোজিট লিমিটেড কারখানার সামনে এ ঘটনা ঘটে বলে জানান শিল্প পুলিশ-৪ এর পরিদর্শক (গোয়েন্দা) আনোয়ারুল হক। 

কারখানার শ্রমিকরা জানায়, চৈতি কম্পোজিটের মালিকপক্ষ চলতি মাসের অর্ধেক বেতন-বোনাস পরিশোধ করলেও পুরো মাসের বেতনের দাবিতে কয়েকদিন ধরেই অসন্তোষ চলছিল। বুধবার থেকে কারখানাটির ঈদের ছুটি শুরু হচ্ছে।  

ছুটি শুরুর আগেই পূর্ণ বেতন ও অর্জিত ছুটির বকেয়ার দাবিতে মঙ্গলবার সকালে  কারখানার সামনে জড়ো হন। এক পর্যায়ে দুপুরে তারা মহাসড়কে নেমে আসেন এবং সেখানে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন।

পরিদর্শক (গোয়েন্দা) আনোয়ারুল হক বলেন, “দুপুর ১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত মহাসড়কটি অবরোধ করে বিক্ষোভ করেন কারখানার শ্রমিকরা। পরে শিল্প পুলিশ, জেলা পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ তৎপরতায় তাদের মহাসড়ক থেকে সরাতে সক্ষম হন।

এ সময় কাঁদানে গ্যাস ও ফাঁকা রাবার বুলেটও ছোড়া হয়। তবে, এতে কেউ হতাহত হননি বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

এদিকে, শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দিলেও যান চলাচল স্বাভাবিক হতে আরও আধ ঘণ্টা সময় লাগে বলে জানান কাঁচপুর হাইওয়ে থানার ওসি শামীম শেখ।

এ বিষয়ে কথা বলতে নিট পোশাক কারখানা মালিকদের সংগঠন বিকেএমইএর ওয়েবসাইটে দেওয়া কারখানার মালিক ও সংসদ সদস্য আবুল কালামের মোবাইলে কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

তবে সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার বিকালে বলেন, পরিস্থিতি তারা নিয়ন্ত্রণে নিয়েছেন। যান চলাচল স্বাভাবিক রয়েছে। 

এছাড়া কারখানা কর্তৃপক্ষ আগামী ৩ জুন বেতন-বকেয়া পরিশোধ করবে বলে কারখানার গেটে নোটিশ দিয়েছে বলেও জানান তিনি।