২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ বছরে ভোটার হওয়াকে জামায়াত আমিরের সমর্থন

দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজ মাঠে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2024, 07:56 PM

Updated : 26 Aug 2026, 11:14 AM

দেশে ১৭ বছরে ভোটার করার জন্য প্রধান উপদেষ্টা যে মতামত দিয়েছেন তাতে সমর্থন দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।  

এ মতামতের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন, “রাস্তায় নেমে এই ছেলেরাই তো স্বাধীনতা এনে দিয়েছে। তারা বুক পেতে দিয়ে বলেছে, ‘বুকের ভিতর ঝড়, বুক পেতেছি গুলি কর’। 

“আপনি আমি যেটা পারিনি, সেই অসাধ্য কাজটি তিনি করেছেন আল্লাহর সাহায্য নিয়ে।” 

জামায়াতে ইসলামীর আমির প্রশ্ন রাখেন, “যারা জীবন দিয়ে আমাদেরকে স্বাধীনতা এনে দিতে পারে, আমরা দেশবাসী দেশের স্বার্থে তাদের হাতে একটি ভোটের অধিকার তুলে দিতে পারি না?”

সোমবার দুপুরে দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজ মাঠে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ২৭ ডিসেম্বর ‘জাতীয় সংলাপ-২০২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানে ১৭ বছর বয়সে ভোটার হওয়ার মতামত দেন। তিনি বলেন, “তরুণরা সংখ্যায়ও বেশি৷ দেশের ভবিষ্যৎ নিয়ে তারা আগ্রহী৷ নিজের ভবিষ্যৎ নিয়ে তার মতামত নেওয়ার জন্য আমি মনে করি ভোটার হওয়ার বয়স ১৭ বছর নির্ধারিত হওয়া উচিত।”

প্রধান উপদেষ্টার এই মতামত নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হচ্ছে। বিএনপি বিষয়টি নিয়ে তাদের আপত্তি জানিয়েছে। তারা মনে করছেন, এতে সময়ক্ষেপণ হবে এবং নির্বাচন বিলম্বিত হবে। 

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবিও প্রায় একই মতামত দিয়েছে। 

এর মধ্যেই জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ১৭ বছরে ভোটার হওয়ার বিষয়টিকে সমর্থন জানালেন।  

এদিন তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, “দেশের প্রতি যাদের ভালোবাসা আছে, দরদ আছে তারা কখনো দেশ ছেড়ে পালাতে পারে না। জামায়াতের ১১ শীর্ষ নেতাকে বিগত সরকার বিচারিক আদালতের মাধ্যমে হত্যা করেছে। ১১ জনের একজনও বাংলাদেশ থেকে পালাবার চেষ্টা করেননি।”