১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুড়িগ্রামে বিল থেকে ৬ ফুট লম্বা অজগর উদ্ধার

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আসামের সীমান্তবর্তী কোনো বনাঞ্চল থেকে বন্যার স্রোতে ভেসে আসে অজগরটি।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2026, 12:08 AM

Updated : 11 Sep 2026, 03:46 PM

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বিল থেকে প্রায় ছয় ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। 

রোববার দুপুরে উপজেলার সিট পাইকেরছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের একটি বিলে মাছ ধরার সময় জেলেদের জালে অজগরটি আটকা পড়ে বলে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান। 

তিনি বলেন, কয়েক দিন আগে দুধকুমার নদ দিয়ে উজানের বন্যার পানি নেমে এসেছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আসামের সীমান্তবর্তী কোনো বনাঞ্চল থেকে বন্যার স্রোতে ভেসে এসে অজগরটি পাইকেরছড়া এলাকার বিলে আটকা পড়ে। 

অজগরটি উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী থানায় নেওয়া হয়। পরে সদ্য অবসরে যাওয়া উপজেলা বনকর্মকর্তা সেকেন্দার আলীর উপস্থিতিতে সেটি বনবিভাগের কর্মকর্তা মফিজুল ইসলামের মাধ্যমে কুড়িগ্রাম বনবিভাগের কার্যালয়ে পাঠানো হয়।

বনবিভাগ জানিয়েছে, অজগরটি সুস্থ আছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে অজগরটিকে রংপুর বিভাগীয় বন কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হবে। পরে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে সেটি অবমুক্ত করা হবে।