২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের খুঁটি বেয়ে কারাগার থেকে পালানো আসামি গ্রেপ্তার

পালিয়ে যাওয়ার সময় কামাল হোসেন ডান পায়ে আঘাত পায়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2024, 07:52 PM

Updated : 26 Aug 2026, 10:29 AM

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যাওয়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি স্পেশালাইজড কোম্পানির সহকারী পরিচালক (অপস অ্যান্ড মিডিয়া) মাহফুজুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সোমবার বেলা ৩টার দিকে শ্রীপুর উপজেলার টেংরা গ্রাম থেকে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কামাল হোসেন (৪৬) শ্রীপুর উপজেলার কাওরাইদ গ্রামের বাসিন্দা এবং একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ অগাস্ট গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দিদের বিদ্রোহ হয়। এ সময় অন্য আসামিদের সঙ্গে কামাল হোসেন কারাগারের ভেতরের জিআই পাইপ দিয়ে তৈরি বৈদ্যুতিক পিলার ভেঙে তা দিয়ে মই বানিয়ে কারাগারের পশ্চিম পাশের সীমানা প্রাচীরে টপকে পালিয়ে যায়।

পালিয়ে যাওয়ার সময় কামাল হোসেন ডান পায়ে আঘাত পায়। পরে এ ঘটনায় কারাগারের জেলার মো. লুৎফর রহমান বাদী হয়ে একটি মামলা করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।  

র‌্যাব কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি স্পেশালাইজড কোম্পানির একটি দল বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে। পরে গোপন সংবাদে আসামির অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ওই আসামিকে কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।