শেখ হাসিনার পদত্যাগ: নীলফামারীতে বিজয় ও শান্তি মিছিল
মিছিল থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও হিন্দু সম্প্রদায়ের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্ববান জানানো হয়।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর নীলফামারীতে বিজয় ও শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মিছিলটি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বেলা ১১টা থেকে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ছাত্র-ছাত্রীরা শহীদ মিনার চত্বরে সমবেত হতে শুরু করেন। এরপর বেলা সাড়ে ১২টার দিকে সেখান থেকে মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইদুর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী এবং সর্বস্তরের মানুষ।
পরে শিক্ষার্থীদের মিছিলে নীলফামারী জেলা বিএনপির সভাপতি আ খ ম আলমগীর সরকার, সাধারণ সম্পাদক জহুরুল আলম, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, যুবদলের সাধারণ সম্পাদক এ এইচ এম সাইফুল্লাহ রুবেল এবং আল ফারুক আব্দুল লতিফসহ কয়েকশ নেতাকর্মী অংশ নেন।
শান্তি মিছিল থেকে জেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও হিন্দু সম্প্রদায়ের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্ববান জানানো হয়।
