Published : 26 Mar 2025, 03:45 PM
হবিগঞ্জের বাহুবলে ট্রাক চাপায় তাবলীগ জামাতের দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
বুধবার সকাল ১০টায় উপজেলার উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আদিত্যপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বাহুবল মডেল থানার ওসি জাহিদুল ইসলাম জানান।
নিহতরা হলেন- জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার আলীরপাড়া গ্রামের আহম্মেদ আলীর ছেলে আব্দুল ওয়াহিদ (৭৫) ও সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের বাদশা মিয়ার ছেলে মো. মারুফ (৩৮)।
আহতরা হলেন- টাঙ্গাইল জেলার আল-মামুন (৬৫) ও টমটম চালক উপজেলার মানিকা বাজার এলাকার বাচ্চু মিয়া (৩০)। তাদের বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে স্থানীয় লোকজন।
পুলিশ বলছে, বাহুবল থানার ৩ নম্বর সাতকাপন ইউনিয়ন পরিষদের চলিতাতলা জামে মসজিদে তাবলীগ জামায়াতে আসেন তারা। সকালে অটোরিকশার করে চলিতাতলা জামে মসজিদ থেকে আদিত্যপুর মসজিদে যাচ্ছিলেন। পথে আদিত্যপুর ঈদগাহ সংলগ্ন সিলেট-ঢাকা মহাসড়কের ওপর রাস্তা পার হওয়ার সময় সিলেটগামী একটি ট্রাক ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
এতে ঘটনাস্থলেই দুজন মারা যান এবং আহত হন আরও দুইজন। এ ঘটনার পর মহাসড়কে আধাঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
ওসি জাহিদুল ইসলাম বলেন, খবর পেয়র বাহুবল থানা-পুলিশ, শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে রাস্তার যানচলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও অটোরিকশাটি শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় নিয়ে যায় পুলিশ।