Published : 23 Jul 2026, 04:28 PM
লক্ষ্মীপুর পৌরসভায় ধারাবাহিক চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগ তুলে এক যুবককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
বুধবার সন্ধ্যায় পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে ‘আটিয়াতলীর সর্বস্তরের ভুক্তভোগী জনগণ’ ব্যানারে এ মানববন্ধন হয়।
এতে অংশ নেওয়া স্থানীয়রা অভিযোগ করেন, একই এলাকার সেকান্তর মিয়ার মো. সুজন ওরফে চোরা সুজন এলাকায় এলেই চুরির ঘটনা ঘটে।
তাদের ব্যানারে সুজনকে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এবং ডাকাতি মামলার এজাহারভুক্ত আসামি বলা হয়েছে।
স্থানীয়দের দাবি, এলাকায় মোটরসাইকেল, অটোরিকশা, মোবাইল ফোন, বাইসাইকেল, স্বর্ণালংকার, ঘরের হাড়ি-পাতিল এবং একটি পুকুরের মাছ চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনার জন্য তারা সুজনকে দায়ী করেন।
স্থানীয় বাসিন্দা মো. ইব্রাহিম বলেন, “আমার বাইসাইকেল চুরি হয়েছে। এলাকায় সুজন এলেই চুরির ঘটনা ঘটে।”
দোকানি নাজিম উদ্দিন বলেন, “সুজন মানুষের বাড়ির হাড়ি-পাতিল থেকে শুরু করে চোখের সামনে যা পায়, তা-ই চুরি করে। তার কারণে এলাকার মানুষ অতিষ্ঠ।”
তিনি অভিযোগ করেন, সুজন মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
অটোরিকশাচালক আব্দুল গফুর বলেন, “আমার নতুন অটোরিকশাটি চুরি হয়েছে। এ ঘটনায় বিচার চেয়েও কোনো সমাধান পাইনি।”
অভিযোগের বিষয়ে জানতে সুজনের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, “চোর-ডাকাত ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। যদি সুজন চুরির ঘটনায় জড়িত থাকে তদন্ত করে অবশ্যই তাকে আটক করে আইনের আওতায় আনা হবে।”