২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তরুণীকে ঘর থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

র‌্যাব জানায়, মামলার পর গ্রেপ্তার এড়াতে গা ঢাকা দেয় আসামি।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2024, 10:04 PM

Updated : 26 Aug 2026, 09:44 AM

নেত্রকোণার মদনে তরুণীকে ঘর থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে করা মামলার আসামি যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

কিশোরগঞ্জ সদরের বড়পুল মোড় এলাকা থেকে বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার ময়মনসিংহ র‌্যাব-১৪ কিশোরগঞ্জ (সিপিসি-২) ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবীর সাংবাদিকদের এ কথা জানান।

গ্রেপ্তার মো. ইমরান হোসেন ওরফে চান্দু (২৪) মদন উপজেলার কাইকুড়িয়া গ্রামের বাসিন্দা।

মামলার নথির বরাতে আশরাফুল কবীর জানান, গত ১৪ এপ্রিল রাতে প্রতিবেশী এক তরুণীর মুখ চেপে ধরে ঘর থেকে তুলে বাড়ির পাশের ক্ষেতে নিয়ে ধর্ষণ করে ফেলে রেখে যাওয়া হয়। এ ঘটনায় দুইদিন পর  ওই তরুণী বাদী হয়ে ইমরানের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা করেন।

গ্রেপ্তার এড়াতে গা ঢাকা দেন ইমরান। তবে র‌্যাব ইমরানকে ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ায়। নানা তথ্য-উপাত্ত সংগ্রহের এক পর্যায়ে বৃহস্পতিবার কিশোরগঞ্জ সদরের বড়পুল মোড় এলাকায় তার অবস্থান শনাক্ত করে। পরে র‌্যাব-১৪ এর কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে ইমরানকে গ্রেপ্তার করে। শুক্রবার তাকে মদন থানায় হস্তান্তর করা হয়।