২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে পানিতে ডুবে শিশুসহ ২ জনের মৃত্যু

পুকুরে ডুবে শিশু এবং বন্যার পানিতে পড়ে অন্যজন মারা যান বলে জানায় পুলিশ।

চাঁদপুরে পানিতে ডুবে শিশুসহ ২ জনের মৃত্যু
প্রতীকী ছবি

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2024, 09:44 PM

Updated : 26 Aug 2026, 10:24 AM

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় আলাদা ঘটনায় পানিতে ডুবে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার বিকালে উপজেলার দ্বাদশ গ্রাম ইউনিয়নের কীর্তনখোলা গ্রামে এবং কাঁকৈরতলা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান হাজীগঞ্জ থানার ওসি আবদুর রশিদ।

নিহত আলিফা (২) কীর্তনখোলা গ্রামের আলী হোসেনের মেয়ে। অপর নিহত দুলাল মিয়া (৫০) কাঁকৈরতলা গ্রামের আলী আহমদের ছেলে। 

আলিফার বাবা আলী হোসেন জানান, আলিফা বিকালে বাড়ির উঠানে খেলা করছিল। বেশ কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশে পুকুরে আলিফাকে ভাসতে দেখে উদ্ধার হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে দুপুরে দুলাল মিয়া গ্রামের রাস্তায় বন্যার পানিতে হাঁটছিলেন। হঠাৎ করে তিনি পানিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান প্রতিবেশী নেছার আহমদ চৌধুরী।

ওসি আবদুর রশিদ জানান, দুলাল মিয়া মৃগীরোগী ছিলেন বলে স্বজনরা জানিয়েছেন। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া দুজনের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।