১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কবরস্থানের মাটি বরাদ্দে ঘুষ, অভিযোগ পিআইওর বিরুদ্ধে

পিআইও আওলাদ হোসেনের বিরুদ্ধে মঙ্গলবার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2026, 01:42 PM

Updated : 26 Aug 2026, 03:07 PM

ঝালকাঠির নলছিটি পৌরসভার সরকারি কবরস্থানের জন্য মাটি বরাদ্দ প্রকল্পে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে এক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে।

নলছিটি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা-পিআইও আওলাদ হোসেনের বিরুদ্ধে মঙ্গলবার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ অলিউল ইসলাম।

অভিযোগে বলা হয়েছে, নলছিটি পৌরসভার মল্লিকপুর সরকারি কবরস্থানের জন্য মাটি ভরাটের একটি টিআর প্রকল্পের আওতায় প্রায় এক লাখ ১৫ হাজার টাকার কাজ বরাদ্দ হয়। তবে ওই কাজের বিপরীতে পিআইও আওলাদ হোসেন অতিরিক্ত খরচ বাবদ মোট নয় হাজার টাকা ঘুষ নিয়েছেন।

অভিযোগকারী অলিউল ইসলাম বলেন, “প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে এবং বিভিন্ন চাপের কারণে তারা বাধ্য হয়ে ওই টাকা দেন। ধর্মীয় উন্নয়নমূলক কাজে সরকারি কর্মকর্তার কার্যালয়ে এমনভাবে ঘুষ নেওয়া অনৈতিক এবং সরকারি সেবার পরিপন্থি।”

এ বিষয়ে বক্তব্য জানতে পিআইও আওলাদ হোসেনকে মোবাইলে ফোন করলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি তা কেটে দেন। পরে একাধিকবার ফোন করলেও আর ধরেননি।

জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, “বিষয়টি তদন্তের জন্য ডিডি এলজিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর তা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়কে অবহিত করা হবে। পরে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”