২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরের কচা নদীতে নিখোঁজ রাজস্ব কর্মকর্তার লাশ উদ্ধার

মোবাইলে কথা বলার সময় পন্টুন থেকে পা পিছলে পড়ে যান তিনি।

পিরোজপুরের কচা নদীতে নিখোঁজ রাজস্ব কর্মকর্তার লাশ উদ্ধার

সহকারী রাজস্ব কর্মকর্তা আবদুল্লাহ বিন কাফি।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2022, 03:12 PM

Updated : 03 Sep 2022, 06:38 PM

পিরোজপুরের বেকুটিয়া ফেরিঘাট থেকে কচা নদীতে পড়ে নিখোঁজের দুই দিন পর সহকারী রাজস্ব কর্মকর্তা আবদুল্লাহ বিন কাফির লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান জানান, শনিবার দুপুর ১২টার দিকে নদীর শারিকতলা ইউনিয়নের গাজীপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

আব্দুল্লাহ সাতক্ষীরা কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা ছিলেন। তিনি ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের চরটিটিয়া গ্রামের মৃত কেফায়েত উল্লাহর ছেলে।

নিহতের গাড়ি চালক ইব্রাহীম স্বপন জানান, বৃহস্পতিবার বিকালে তিনি ও রাজস্ব কর্মকর্তা আব্দুল্লাহ সাতক্ষীরা থেকে বরিশালের উদ্দেশে রওনা হন। রাত সাড়ে ৮টার দিকে তারা বেকুটিয়া ফেরিঘাটে এসে পৌঁছান।

ফেরিতে ওঠার সময় গাড়ি থেকে নেমে আবদুল্লাহ মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় পন্টুন থেকে পা পিছলে নদীতে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা পিরোজপুরের ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়।

পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. রফিকুল ইসলাম বলেন, “বৃহস্পতিবার রাত থেকেই পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন ও বরিশালের ডুবুরি দল ও স্থানীয় ডুবুরিরা নিখোঁজ ব্যক্তির সন্ধানে নদীতে অভিযান চালিয়েছে।

“দুই দিনের অভিযানের পরে শনিবার দুপুর ১২টার দিকে কচা নদী থেকেই তার লাশ উদ্ধার করা হয়।”

তারা প্রশাসনের কাছে লাশ হস্তান্তর করেছেন বলে জানান রফিকুল ইসলাম।

এনবিআর চেয়ার‌ম্যানের শোক

এদিকে সহকারী রাজস্ব কর্মকর্তা আবদুল্লাহর মৃত্যুতে শোক জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মু. রহমাতুল মুনিম।

এ তথ্য জানিয়ে এনবিআর পরিচালক (জনসংযোগ) সৈয়দ এ মু‘মেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার সকাল ১০টায় প্রয়াতের গ্রামের বাড়ি ভোলার চরটিটিয়ায় হাজী বাড়িতে জানাজা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

পুরনো খবর:

বেকুটিয়া ফেরিঘাট থেকে পড়ে রাজস্ব কর্মকর্তা নিখোঁজ