Published : 10 May 2025, 05:12 PM
ব্রাহ্মণবাড়িয়ার প্রায় একই স্থানে দুটি দুর্ঘটনার পর এবার আখাউড়া রেলওয়ে জংশনে কন্টেইনার ট্রেন লাইনচ্যুত হয়েছে।
শনিবার দুপুর সোয়া ২টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
আখাউড়া রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট মো. নুরুন্নবী বলেন, “ঢাকা অভিমুখী কনটেইনার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।
“এতে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটবে না। দুর্ঘটনায় পড়া বগিটি উদ্ধারের চেষ্টা চলছে।”
এর আগে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৈরতলা লেবেলক্রসিং এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মালবাহী একটি কনটেইনার ট্রেন লাইনচ্যুত হয়।
এতে বন্ধ হয়ে যায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথ।
প্রায় আট ঘণ্টা পর শনিবার ভোরে উদ্ধারকারী ট্রেন লাইনচ্যুত কোচ সরিয়ে নিলে এসব পথে চলাচল স্বাভাবিক হয়।
কিন্তু আধা ঘণ্টা না যেতে প্রায় একই স্থানে লাইনচ্যুত হয় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের কোচ। তবে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।