Published : 07 Jul 2026, 08:51 PM
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ১১ নারীকে সিরাজগঞ্জের সলঙ্গা থেকে গ্রেপ্তার করা হয়েছে; যারা ছিনতাই চক্রের সঙ্গে জড়িত বলে দাবি পুলিশের।
মঙ্গলবার বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন সলঙ্গা থানার ওসি আসলাম আলী।
সোমবার সন্ধ্যায় পাঁচলিয়া বাজার এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী সুফিয়া খাতুন (৪০), নিজাম উদ্দিনের স্ত্রী খোদেনা আক্তার দিলারা (৩৫), আলমগীর হোসেনের মেয়ে হামিদা আক্তার মিনা (২৪), আনিলছের মেয়ে পারভীন (৩০), সাহাব উদ্দিনের মেয়ে বৃষ্টি (২৫), হারুন মিয়ার মেয়ে রোজিনা আক্তার সায়দা (৩০), আরজু মিয়ার মেয়ে বিউটি খাতুন (৩৫), ওস্তার মিয়ার মেয়ে শেফা আক্তার (২১), হেলাল উদ্দিনের মেয়ে তামান্না (৩০), দুলাল হোসেনের মেয়ে জুমা (২০) এবং ফরিদ হোসেনের মেয়ে সুবিনা আক্তার লাকী (২০)।
ওসি আসলাম আলী বলেন, গোপন খবর পেয়ে পাঁচলিয়া বাজার এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখানে অবস্থানকারীরা পালানোর চেষ্টা করলে নারী পুলিশের সহায়তায় তাদের আটক করা হয়।
তারা বিভিন্ন এলাকা থেকে এসে স্বল্প সময়ের জন্য বাসা ভাড়া নিয়ে সংঘবদ্ধভাবে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানান ওসি।
আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।