২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ‘ছাত্রলীগের হামলায়’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ক আহত

আহতদের মধ্যে মোজাহিদকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2024, 08:33 PM

Updated : 26 Aug 2026, 10:16 AM

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক আহত হয়েছেন; যাদের ওপর ছাত্রলীগের নেতৃত্বে হামলা চালানো হয়েছে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।  

বৃহস্পতিবার দুপুরে উপজেলার মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজে এ হামলার ঘটনা ঘটে বলে মির্জাপুর থানার ওসি সালাহউদ্দিন আহমেদ জানান।

আহত সমন্বয়করা হলেন-ওই কলেজের শিক্ষার্থী মোজাহিদ (১৮), ইমন সিদ্দিকী (২৩) ও জাকির হোসেন (২৪)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সকাল ১০টা থেকে শহীদ ভবানী প্রসাদ সাহা কলেজের ইনডো মাঠে অবস্থান করছিলেন। বেলা পৌনে ১২টার দিকে মির্জাপুর উপজেলা ছাত্রলীগের সদস্য সীমান্ত ও ছাত্রলীগ কর্মী আপনের নেতৃত্বে দেশীয় অস্ত্রসহ ১৫-২০ জনের একটি দল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ সময় তিন সমন্বয়ক আহত হন।

আহতদের মধ্যে মোজাহিদকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন।

মির্জাপুর কুমুদিনী হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, মোজাহিদের গলায় ধারালো অস্ত্রের আঘাতের গভীর ক্ষত হয়েছে।

ওসি সালাহউদ্দিন বলেন, “উপজেলার ছাত্রলীগ নেতা সীমান্তের নেতৃত্বে হামলা হয়েছে। পুলিশ হামলাকারীদের আটকের চেষ্টা করছে।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মির্জাপুরের অন্যতম সমন্বয়ক জোবায়ের ইসলাম নিঝুম বলেন, হামলার ঘটনায় জড়িত ছাত্রলীগের সন্ত্রাসীদের নামে মামলার প্রস্তুতি চলছে।

অভিযোগের বিষয়ে জানতে মির্জাপুর উপজেলা ছাত্রলীগ নেতা সীমান্তের মোবাইল ফোনে একাধিক বার চেষ্টা করেও তাকে পওয়া যায়নি।