২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে বজ্রপাতে বিএনপি নেতাসহ ২ জনের মৃত্যু

সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নে এবং কেশবপুর উপজেলার সাগরদত্তকাটি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

যশোরে বজ্রপাতে বিএনপি নেতাসহ ২ জনের মৃত্যু
প্রতীকী ছবি

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2025, 06:41 PM

Updated : 10 Sep 2026, 05:57 PM

যশোরে বজ্রপাতে দুই উপজেলায় দুইজনের মৃত্যু হয়েছে; যাদের মধ্যে একজন বিএনপি নেতা।

বুধবার সকালে সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের খোলাডাঙ্গা গ্রামে এবং কেশবপুর উপজেলার সাগরদত্তকাটি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানায় সংশ্লিষ্ট থানার পুলিশ।

নিহতদের মধ্যে আব্দুল হাকিম সরদার (৬৫) সদর উপজেলার খোলাডাঙ্গা গ্রামের আব্দুর রবের ছেলে ও ইউনিয়ন বিএনপির ৬ নম্বর ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন। অপর নিহত শামীম হোসেন (২৫) কেশবপুরের বেলোকাটি গ্রামের বাসিন্দা।

যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, সকাল ৯টার দিকে বৃষ্টির মধ্যে হাকিম সরদার নিজের ঘেরে মাছ ধরছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আব্দুল আজিজ বলেন, বজ্রপাতে আহত হাকিমকে আশেপাশের লোকজন উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়।

অপরদিকে সকাল সাড়ে ৯টার দিকে কেশবপুর উপজেলার সাগরদত্তকাটি গ্রামে কেরামত গাজীর মাছের ঘেরে কাজ করার সময় বজ্রপাতে কৃষি শ্রমিক শামীম হোসেনের মৃত্যু হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির মধ্যে কাজ করার সময় বজ্রপাতে শামীম গুরুতর আহত হন। তাকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শামীমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় বলে জানান কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তরিকুল ইসলাম।