২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল বন্দরে যাত্রীদের আর্মড পুলিশ ও আনসারের লাঠিপেটা

অতিরিক্ত যাত্রীর ঠাসাঠাসিতে টার্মিনালের সামনের গ্লাস ভেঙে যায়। তাতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের এক সদস্যের হাত কেটে যায়। এতে শুরু হয় লাঠিপেটা।

বেনাপোল বন্দরে যাত্রীদের আর্মড পুলিশ ও আনসারের লাঠিপেটা
বেনাপোল স্থলবন্দরে ভারতগামী যাত্রীদের ভিড়।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2024, 05:57 PM

Updated : 26 Aug 2026, 09:49 AM

যশোরের বেনাপোলে ভারতগামী যাত্রীদের বেধড়ক লাঠিপেটার অভিযোগ উঠেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও আনসার সদস্যদের বিরুদ্ধে। 

বুধবার সকাল ৭ টার দিকে বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। 

এ সময় আতঙ্কিত হয়ে অনেক যাত্রী তাদের ব্যাগ ফেলে ছোটাছুটি শুরু করেন। ফলে কিছু সময়ের জন্য যাত্রী পারাপার বন্ধ হয়ে যায়। 

পরে বেনাপোল পোর্টথানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

প্রত্যক্ষদর্শী ও পাসপোর্ট যাত্রীরা জানান, প্রতিদিনের মত বুধবার সকালেও টার্মিনালের সামনে ভারতগামী যাত্রীর দীর্ঘ লাইন ছিল। হঠাৎ বৃষ্টি শুরু হলে যাত্রীরা লাইন ভেঙে প্যাসেঞ্জার টার্মিনালের বারান্দায় উঠে পড়ে। 

অতিরিক্ত যাত্রীর ঠাসাঠাসিতে টার্মিনালের সামনের গ্লাস ভেঙে যায়। তাতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের এক সদস্যের হাত কেটে যায়। 

এতেই ক্ষিপ্ত হয়ে তারা যাত্রীদের এলোপাতাড়ি লাঠিপেটা শুরু করে, তাদের সঙ্গে দেয় আনসার সদস্যরাও। 

তাদের পিটুনিতে বেশ কয়েকজন যাত্রী আহত হন। এ ঘটনার পরপরই কিছু সময় যাত্রী পারাপার বন্ধ হয়ে যায়। 

ভারতগামী ঢাকার আনোয়ার হোসেন জানান, তিনি স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য সকাল ৭টায় ইমিগ্রেশনের কাজ শেষ করতে প্যাসেঞ্জার টার্মিনালের সামনে লাইনে দাঁড়িয়েছিলেন। বৃষ্টি শুরু হলে লাইন থেকে সরে প্যাসেঞ্জার টার্মিনালের বারান্দায় উঠি। 

“এ সময় আমাদের এলোপাতাড়ি মারতে থাকে আর ধাক্কা দেয়। পরে জানলাম একজন পুলিশ সদস্য সামান্য আহত হওয়ার কারণে এমনটি হয়েছে।” 

ভুক্তভোগী আনন্দ মন্ডল বলেন, “বৃদ্ধ বাবা-মা ও শিশুদের নিয়ে বৃষ্টিতে ভিজে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর কষ্ট পুলিশ ও আনসাররা বুঝবে কী করে? ওনারা টাকার বিনিময়ে লাইন ছাড়া লোক পার করার কাজে ব্যস্ত থাকে। বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ের দেখা উচিত ।” 

কামনা বালা নামে আরেক যাত্রী বলেন, “প্যাসেঞ্জার টার্মিনালের বারান্দায় উঠতে পারব না, তাহলে ৬০ টাকা কীসের জন্য নেওয়া হল? এখানে পুলিশ সদস্যদের যাত্রীদের মারধরের আচরণ মেনে নেওয়া যায় না।” 

ইন্দ্রজিৎ নামে আরেক যাত্রী বলেন, “পুলিশ ও আনসারদের এমন অন্যায় আচরণ মেনে নেওয়া যায় না। সুষ্ঠুভাবে যাতে যাত্রীরা যাতায়াত করতে পারেন, সে বিষয়ে দুই দেশেরই গুরুত্ব সহকারে দেখা উচিত।” 

জানতে চাইলে বেনাপোল বন্দরে দায়িত্বপ্রাপ্ত আর্মড ব্যাটালিয়নের ইনচার্জ বাদল চন্দ্র বলেন, “আজকে যাত্রীর অনেক ভিড় ছিল। এ কারণে তাদেরকে লাইনে আনতে গিয়ে হয়ত কিছু ঘটনা ঘটতে পারে। তবে আমার সদস্যরা কারো উপরে লাঠিচার্জ করেনি।”