মন্ত্রী পেয়ে জেলায় জেলায় উচ্ছ্বাস-মিষ্টি বিতরণ, না পেয়ে হতাশা
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে বিএনপি চেয়ারম্যান তার সরকার সাজিয়েছেন ২৫ জন মন্ত্রী, আর ২৪ জন প্রতিমন্ত্রী নিয়ে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়ে দুই দশক পর আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে বিএনপি। তিন দশক পর প্রধানমন্ত্রী হিসেবে নতুন একজন রাজনীতিবিদ তারেক রহমানকে পেয়েছে বাংলাদেশ।
আর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে বিএনপি চেয়ারম্যান তার সরকার সাজিয়েছেন ২৫ জন মন্ত্রী, আর ২৪ জন প্রতিমন্ত্রী নিয়ে। মঙ্গলবার বিকালে তারা শপথ নিয়েছেন।
এরপর থেকেই জেলায় জেলায় মন্ত্রী-প্রতিমন্ত্রীর অনুসারী-দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ উচ্ছ্বাসে মেতেছেন। করেছেন মিষ্টি বিতরণ, হয়েছে আনন্দ র্যালি।
আবার বিপরীত চিত্রও দেখা গেছে। যেমন কোনো মন্ত্রী না পেয়ে হতাশা প্রকাশ করছে নোয়াখালী জেলার বাসিন্দারা।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
‘প্রধানমন্ত্রী হল বগুড়ার ছোল তারেক’
ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির বিজয় এবং তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়াকে স্বপ্নপূরণ হিসাবেই দেখছে বগুড়াবাসী।
মঙ্গলবার শহর থেকে গ্রামের মোড়ে মোড়ে, চা স্টলে, অফিসে একই আলোচনা ‘প্রধানমন্ত্রী হল বগুড়ার ছোল তারেক’। এই খুশিতে বন্ধু এবং নিজেদের মাঝে মিষ্টি খাওয়ার পালাও চলেছে।
একইসঙ্গে তারা প্রত্যাশা করেছেন অবহেলিত বগুড়ার উন্নয়ন এবার দ্রুতই হবে। যদিও তারেক রহমান বগুড়ার নির্বাচনি জনসভায় এসে বলেছিলেন, সারা দেশে সমানভাবে উন্নয়ন কাজ করবেন।
শেরপুর উপজেলা সন্যাল পাড়ার অবিনাশ চন্দ্র বলেন, “আমাদের অপেক্ষা সইছে না। আমরা মহা খুশী। উত্তরের রাজধানী খ্যাত বগুড়াকে রাজধানীর মতই এখন দেখতে চাই।”
জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমাদের দাবি জানানোর কিছুই নাই। বগুড়ার সব কিছু উনার নখদর্পনে। যা যা প্রয়োজন তাই করবেন।
“একটি কথাই বলবো- স্বপ্ন ছিল আমাদের, ১৮ বছর প্রতীক্ষায় ছিলাম কবে উনি প্রধানমন্ত্রী হবেন। সেই স্বপ্ন আজ বাস্তবে পরিণত হলো।”
বগুড়া-১ ও বগুড়া-৫ এর সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম এবং গোলাম মোহাম্মদ সিরাজের মুখেও একই সুর।
তারা দুজনই বলেন, ১৮ বছরের বঞ্চনার মেঘ এখন কেটে গেল বগুড়াবাসীর মাথার উপর থেকে। তারেক রহমান এখন প্রধানমন্ত্রী। যমুনা পাড়ের মানুষের দুঃখ ঘোচাতে এবং যমুনার ভাঙ্গন ঠেকে প্রচুর কাজ করার সুযোগ মিলবে। এখন আমরাও আনন্দে ভাসছি। সামনে শুধু কাজ আর কাজ।
মির্জা ফখরুল মন্ত্রী হওয়ায় ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ
বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ (সদর) আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর নবগঠিত সরকারের মন্ত্রিসভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানটি ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে টেলিভিশনে সরাসরি দেখেন দলটির নেতাকর্মী ও সমর্থকেরা।
শপথ গ্রহণ শেষে ঠাকুরগাঁও জেলা শহরের বিভিন্ন স্থান, বিশেষ করে জেলা বিএনপির কার্যালয়ে আনন্দ উদযাপন করেন দলটির নেতাকর্মী ও সমর্থকেরা। একে অপরকে মিষ্টি খাওয়ায়।
জেলা বিএনপি কার্যালয়ের অফিস সহায়ক (দেখভালকারী) আনারুল ইসলাম জানান, শপথ শেষে তিনি মিষ্টি এনে উপস্থিত লোকজনকে খাওয়ান। মির্জা ফখরুল মন্ত্রী হওয়ায় খুব আনন্দিত তিনি।
উচ্ছ্বাস প্রকাশ করেন ঠাকুরগাঁও পৌর শহরের ইলেকট্রনিক ব্যবসায়ী আবু সাঈদ বলেন, মির্জা ফখরুল একজন ভালো মানুষ। তিনি পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় পুরো জেলার মানুষ খুশি।
তার প্রত্যাশা, এর ফলে ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কর্মসংস্থানে নতুন গতি আসবে।
প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক মনতোষ কুমার দে বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় এলাকার উন্নয়নে কাজ করার বড় সুযোগ তৈরি হয়েছে।
ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী বলেন, “দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে এই দায়িত্ব পাওয়া উচিত ছিল। এতে জেলায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।”
সাখাওয়াত হোসেন বকুল স্বাস্থ্যমন্ত্রী হওয়ায় উচ্ছ্বসিত নরসিংদী
সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) থেকে বিএনপির সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল।
তিনি শপথ গ্রহণের পরই নির্বাচনি এলাকা নরসিংদীর মনোহরদী ও বেলাব উপজেলার নেতা-কর্মীসহ স্থানীয়দের মধ্যে দেখা দেয় ব্যাপক উচ্ছাস-উদ্দীপনা।
স্থানীয় যুবদল-ছাত্রদলসহ নেতাকর্মীরা খুশিতে স্থানীয়দের মধ্যে মিষ্টি বিতরণ করছেন।
এসময় তারা বলেন- দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় সরদার সাখাওয়াত হোসেন বকুল স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন। আশা করা যাচ্ছে দেশের স্বাস্থ্য খ্যাতে ব্যাপক উন্নতি ঘটবে।
১২ ফেব্রুয়ারির নির্বাচনে নরসিংদী-৪ আসন থেকে ধানের শীষের প্রার্থী হয়ে বিপুল ভোটের ব্যবধানে চতুর্থবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন সরদার সাখাওয়াত হোসেন বকুল ।
এর আগে তিনি ১৯৯১, ২০০১ এবং ২০০৬ সালের সংসদে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন।
তিনি নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।
উপমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী দুলু, লালমনিরহাটে নতুন স্বপ্ন
লালমনিরহাট-৩ আসন থেকে বড় ব্যবধানে জয়ের পর মন্ত্রিসভায় স্থান পেয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা আসাদুল হাবিব দুলু। তাকে ঘিরেই এখন উত্তরাঞ্চলের মানুষের চোখে ‘তিস্তা মহাপরিকল্পনা’সহ বড় ধরনের উন্নয়নের স্বপ্ন।
এর আগে ২০০১ সালে চার-দলীয় জোট সরকারের আমলে যোগাযোগ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তিনি।
মঙ্গলবার মন্ত্রী হিসেবে তার দায়িত্ব গ্রহণের খবর পৌঁছানোর পর লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার। দীর্ঘ দুই দশক পর অভিজ্ঞ এই নেতাকে মন্ত্রী হিসেবে পেয়ে এলাকার রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষের প্রত্যাশা এখন আকাশচুম্বি।
জেলা বিএনপির নেতারা বলছেন, তৃণমূল থেকে উঠে আসা আসাদুল হাবিব দুলু এলাকার সমস্যাগুলো খুব কাছ থেকে দেখেছেন। ফলে তার হাত ধরেই অবহেলিত উত্তরবঙ্গের দীর্ঘ দিনের উন্নয়ন বৈষম্য ঘুচবে বলে তারা আশাবাদী।
আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের কৃষক অহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুলু ভাই ফুল মন্ত্রী হইছে, হামার আর চিন্তা নাই। এবার যদি তিস্তা পরিকল্পনা হয়, তাইলে হামার কপাল খুলি যাইবে। নদী ভাঙ্গন আর খরা থাকি হামরা মুক্তি পামো।”
লালমনিরহাটের আদিতমারী উপজেলা যুবদলের সদস্য সচিব হাসানুল বান্না বলেন, আসাদুল হাবীব দুলু একজন মাঠের নেতা। তার কাছে সাধারণ কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ সবার কাছেই তিনি সমানভাবে সমাদৃত। তার এই মন্ত্রী হওয়া এটা এই অঞ্চলের মানুষের প্রত্যাশা ছিল। নিশ্চয়ই তিনি পিছিয়ে পড়া রংপুরের মানুষের অভাবের জায়গাগুলো পূরণে সক্ষম হবেন।”
দুলু কেবল একজন রাজনীতিবিদই নন তিনি ‘আলোকিত লালমনিরহাট’ ও ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন’ এর প্রধান সমন্বয়ক হিসেবেও পরিচিত।
তিস্তা পাড়ের মানুষের অধিকার নিয়ে তাঁর রচিত গ্রন্থ ‘জাগো বাহে তিস্তা বাঁচাই: নদী ও মানুষের অধিকার’ উত্তরবঙ্গের মানুষের প্রাণের দাবিতে পরিণত হয়েছে।
১৯৬০ সালের ৪ জুলাই জন্মগ্রহণ করা আসাদুল হাবিব দুলুর রাজনৈতিক জীবন শুরু হয় ছাত্র রাজনীতির মধ্য দিয়ে।
১৯৮৬ সালে বেগম খালেদা জিয়ার হাত ধরে বিএনপিতে যোগ দেওয়ার পর ১৯৯০ সালে তিনি লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ১৯৯৬ এবং ২০০১ সালেও তিনি সংসদ সদস্য হিসেবে জয়লাভ করেন।
স্থানীয়রা মনে করছেন, পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর দুলুর প্রথম চ্যালেঞ্জ হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও উত্তরাঞ্চলের কৃষিভিত্তিক কলকারখানা স্থাপন করা।
এ্যানি মন্ত্রী হওয়ায় উৎফুল্ল লক্ষ্মীপুরের মানুষ
বিএনপি যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ার খবরে দলের নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেছেন।
এ্যানি চৌধুরী এ নিয়ে লক্ষ্মীপুর-৩ আসনের তিনবারের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। কিন্তু এবারই প্রথমবারের মতো তিনি পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। তিনি জেলা বিএনপির আহ্বায়ক।
মঙ্গলবার বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত আলাদাভাবে নেতাকর্মীদেরকে শহরে মিষ্টি বিতরণ করতে দেখা গেছে। এ সময় তারা আনন্দ প্রকাশ করেন।
বিকালে জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহবাজ মাহমুদ চৌধুরী জিদান নেতাকর্মীদের নিয়ে শহরের হাসপাতাল সড়কে জনসাধারণের মাঝে মিষ্টি বিতরণ করেন। রাতে যুবদলের নেতাকর্মীদেরকে শহরের উপকণ্ঠে মিষ্টি বিতরণ করেন।
ছাত্রদল নেতা জিদান চৌধুরী বলেন, এ্যানি চৌধুরী লক্ষ্মীপুরের গর্ব। ছাত্র রাজনীতি থেকে তিনি এখন বাংলাদেশ সরকারের একজন মন্ত্রী। এ গৌরব শুধু বিএনপির নয়, লক্ষ্মীপুরসহ পুরো দেশের গৌরব।
“তার হাত ধরে লক্ষ্মীপুরে আমূল উন্নয়ন হবে। তিনি কৃষি ভিত্তিক অর্থনৈতিক জোন হিসেবে লক্ষ্মীপুরকে ঢেলে সাজাবেন বলে আমরা আশাবাদী।”
এ্যানি চৌধুরী লক্ষ্মীপুর-৩ আসন থেকে ২০০১ সালে প্রথম ও ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বার বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
একই আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি ১ লাখ ৩৫ হাজার ৬১২ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
মন্ত্রী হলেন মানিকগঞ্জের আফরোজা খানম রিতা, উচ্ছ্বাস নেতা-কর্মীদের
প্রথমবার সংসদ সদস্য হয়েই বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনের আফরোজা খানম (রিতা)।
তিনি মন্ত্রিসভায় স্থান পাওয়ায় জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
আফরোজা খানম বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং জেলা বিএনপির আহ্বায়ক। তিনি মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। তার বাবা প্রয়াত শিল্পপতি হারুনার রশিদ খান মুন্নু ছিলেন মানিকগঞ্জ-২ এবং মানিকগঞ্জ-৩ আসনে চারবারের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী।
২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ এবং মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী বাবা হারুনার রশিদ খানের প্রধান নির্বাচন সমন্বয়কারীর দায়িত্ব পালনের মধ্য দিয়ে রাজনৈতিক জীবনের শুরু রিতার।
এরপর ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ (হরিরামপুর ও সিঙ্গাইর) আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।
২০১০ সালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন। পরের বছর ২০১৩ সালে জেলা বিএনপির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী হয়ে তিনি ১ লাখ ৬৭ হাজার ৩৪৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
এদিকে আফরোজা খানম মন্ত্রীসভায় ডাক পাওয়ায় আনন্দিত ও উচ্ছ্বসিত জেলা বিএনপির নেতা-কর্মীসহ জেলাবাসী।
জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দল বাতেন বলেন, “আফরোজা খানম রিতা বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হচ্ছেন, এ খবরে শুধু দলের নেতা-কর্মীই নন, পুরো জেলাবাসীই আনন্দিত ও গর্বিত।
“ঢাকার খুব কাছের জেলা হয়েও বিগত সময়ে মানিকগঞ্জে কোনো উন্নয়ন হয়নি। এবার জেলার উন্নয়নসহ সারা দেশে কাজ করার সুযোগ পাবেন তিনি।”
অমিতের মন্ত্রীত্বে যশোরে আনন্দ সমাবেশ ও মিছিল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত অনিন্দ্য ইসলাম অমিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী হওয়ায় যশোরে আনন্দ সমাবেশ ও মিছিল করেছে বিএনপি।
অমিত বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক। সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে যশোরের ৬টি আসনের মাত্র একটি জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী। তিনি অনিন্দ্য ইসলাম অমিত।
তার প্রতিমন্ত্রী হওয়ার পর আনন্দ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে দলের জ্যেষ্ঠরা নেতারা বলেন, তারেক রহমান অমিতকে প্রতিমন্ত্রী পদে নিযুক্ত করায় অভিনন্দন। তবে খেয়াল রাখতে হবে আনন্দে রঙ না মেখে আগামীতে জেলায় জাতীয়তাবাদী দল কী করে শক্তিশালী হয় সে জন্য ভূমিকা রাখতে হবে।
সমাবেশে বক্তব্য রাখেন মারুফ হোসেন, এহসানুল হক সেতু, সিরাজুল ইসলাম, আব্দার রহমান প্রমুখ।
এম রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী হওয়ায় জামালপুরে আনন্দ মিছিল
জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী হওয়ায় জামালপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পরপরই মঙ্গলবার বিকেলে শহরের তমালতলা মোড়ে বিএনপির নেতাকর্মীরা এই কর্মসূচির আয়োজন করে।
এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়ার নেতৃত্বে শহরে আনন্দ মিছিল বের করেন নেতাকর্মীরা।
শহরের তমালতলা মোড় থেকে আনন্দ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে সকাল বাজার এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল থেকে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
ফিরোজ মিয়া বলেন, “জামালপুরের উন্নয়নের জন্য এম রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী নিযুক্ত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন। একই সাথে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় এবং মিল্লাতকে প্রতিমন্ত্রী নিযুক্ত করায় তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”
এ সময় পৌর যুবদলের সদস্য সচিব জিয়াউল হক জিয়া, সাবেক ছাত্রদল নেতা শাহাদত হোসনে সবুজসহ অন্যরা বক্তব্য রাখেন।
ফরহাদ হোসেন আজাদ প্রতিমন্ত্রী হওয়ায় পঞ্চগড়বাসীর মুখে হাসি
উত্তরবঙ্গের কৃতি সন্তান ও পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ সরকারিভাবে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করছেন।
এরপর থেকেই পঞ্চগড়ের মানুষ উচ্ছ্বসিত। এই দায়িত্ব গ্রহণকে পঞ্চগড়বাসী নতুন সম্ভাবনার প্রতীক হিসেবে দেখছেন। তাদের আশা, শুকিয়ে যাওয়া করতোয়া নদী আবার নতুন প্রাণ ফিরে পাবে। ফরহাদ হোসেন আজাদ কৃষকদের সমস্যাগুলো সমাধানে কার্যকর উদ্যোগ নেবেন।
আজাদ বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এবং পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দীর্ঘদিন ধরে সমাজ ও রাজনৈতিক কার্যক্রমে যুক্ত আছেন।
ছাত্রজীবন থেকেই তিনি বিএনপি-এর একজন নির্ভরযোগ্য ও নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে পঞ্চগড়ে কাজ করে আসছেন। আওয়ামী লীগ সরকারের আমলে নানা প্রতিকূলতা ও নির্যাতনের শিকার হয়েও তিনি পঞ্চগড়-২ আসনের বিএনপি দলের নেতাকর্মীদের আগলে রেখেছেন এবং রাজনীতির মাঠ সক্রিয়ভাবে ধরে রেখেছেন।
তাই ফরহাদ হোসেন আজাদকে পঞ্চগড় জেলার বোদা ও দেবীগঞ্জ উপজেলার মানুষ বিপুল ভোটের ব্যবধানে জয়ী করেছেন।
প্রতিমন্ত্রী হিসেবে জোনায়েদ সাকির শপথে ব্রাহ্মণবাড়িয়ায় মিষ্টি বিতরণ
তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জোনায়েদ সাকি।
মন্ত্রিপরিষদে তিনি স্থান পাওয়ায় বাঞ্ছারামপুর উপজেলায় মিষ্টি বিতরণ করা হয়েছে।
জোনায়েদ সাকি বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক দল গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পেয়েছেন ৯৫ হাজার ৩৪২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মহসীন পেয়েছেন ৩৯ হাজার ৯৭৬ ভোট।
তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় তাৎক্ষণিকভাবে বাঞ্ছারামপুর উপজেলা সদরে মিষ্টি বিতরণ করেন উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন রশিদ ও পৌর যুবদলের সদস্যসচিব ফয়সাল বিন ইউসুফ।
হারুন রশিদ বলেন, জোনায়েদ সাকির প্রতিমন্ত্রী হওয়া বাঞ্ছারামপুরবাসীর জন্য গর্বের বিষয়। তার নেতৃত্বে এলাকার উন্নয়ন নতুন মাত্রা পাবে। আমরা বিশ্বাস করি, তিনি সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন।
পৌর যুবদলের সদস্যসচিব ফয়সাল বিন ইউসুফ বলেন, জোনায়েদ সাকির মতো যোগ্য ও সৎ নেতৃত্ব প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় আমরা আনন্দিত। তার মাধ্যমে বাঞ্ছারামপুরের অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আমরা প্রত্যাশা করি।
হতাশ নোয়াখালীবাসী
স্বাধীনতার পর এবারই প্রথম মন্ত্রীসভায় নোয়াখালী জেলা থেকে কারো স্থান হয়নি। এনিয়ে হতাশ জেলাবাসী। এ বিষয়ে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ-হতাশা ব্যক্ত করেছেন।
তবে, নবীণ-প্রবীণের সমন্বয়ে গঠিত নতুন মন্ত্রীসভা দক্ষতার স্বাক্ষর রাখবে বলেও অনেকেই আশাবাদ জানিয়েছেন।
জেলা সদরের শ্রীপুরের বাসিন্দা ক্রীড়া সংগঠক মো. জহীর উদ্দিন বলেন, “স্বাধীনতার পর এ যাবৎ সব সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে নোয়াখালীর কেউ না কেউ প্রতিনিধিত্ব করেছেন। এমনকি বিভিন্ন সরকারের রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপ-প্রধানমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদেও এ জেলার অনেক বর্ষিয়ান রাজনীতিবীদ সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
“রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ও নোয়াখালীর কৃতি সন্তান ব্যারিস্টার মওদুদ আহমদ মন্ত্রীসভায় গুরুত্বপূর্ণ পদে ছিলেন। সেই হিসাবে আমরা আশা করছিলাম এবার নোয়াখালীর ৫টি আসনে বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষের বিজয়ের পর এ জেলার পরীক্ষিত নেতাদের কেউ না কেউ মন্ত্রীসভায় স্থান পাবেন। কিন্তু তা হয়নি।
“তাই দেশনায়ক তারেক রহমানের কাছে আমাদের দাবি তিনি যেন নোয়াখালীবাসীর এ প্রত্যাশা পূরণ করেন।”
ব্যবসায়ী আশরাফুল এজাজ বলেন, “নবীন-প্রবীণের সমন্বয়ে চমৎকার মন্ত্রীসভা হয়েছে, যাদের সততা, নিষ্ঠা সম্পর্কে দেশবাসী জানেন। আমরা আশাবাদী তাদের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। তবে, মন্ত্রী সভায় নোয়াখালীর কাউকে না রাখায় আমরা আশাহত হয়েছি।”
জেলা যুবদলের সাধারণ সম্পাদ নুরুল আমিন খান তার ফেইসবুক পোস্টে লিখেছেন, “নোয়াখালী জেলা ৯১ সাল থেকে বরাবরই সবগুলো আসন দিয়েছে, ‘ওয়ান ইলেভেনের সরকারের আমলে ৬টার মধ্যে ৫টা এবারও হাতিয়াতে বিদ্রোহী প্রার্থী না থাকলে ৬টাই পাইতো কিন্তু দুর্ভাগ্য নোয়াখালী হেডকোয়ার্টারে কখনো মন্ত্রী দেওয়া হয় নাই, এতো বর্ষীয়ান নেতা থাকার পরেও অবিচার করা হল।”
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বাসিন্দা লন্ডন প্রবাসী সাংবাদিক সাহেদ শফিক তার ফেইসবুকে লিখেছেন, “রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েও মন্ত্রীত্ব পায়নি নোয়াখালী। বিএনপির দুঃসময়ে রাজপথে রক্ত দিয়েছেন মোহাম্মদ শাহজাহান, বরকত উল্ল্যাহ বুলু, জয়নাল আবেদীন ফারুক, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনেরা। তাদের কেউই মন্ত্রী বা প্রতিমন্ত্রী হিসেবে ডাক পায়নি। মন্ত্রী-প্রতিমন্ত্রী হচ্ছেন সাদা পাঞ্জাবি ওয়ালা ধনীর দুলালেরা।”
জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম তারেক তার ফেইসবুক পোস্টে লিখেছেন, “লিডার আপনার কাছে আমাদের প্রত্যাশা খুব বেশি ছিল না....পুরো নোয়াখালীবাসীকে হতাশার সাগরে ডুবিয়ে দিলেন.... নোয়াখালীর প্রতি আপনার সু-দৃষ্টি কামনা করি....”
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আব্দুজ জাহের তার ফেইসবুক পোস্টে লিখেছেন, “মন্ত্রীসভায় নোয়াখালীকে উপেক্ষা করা হয়েছে, অন্তত ২-৩ জন মন্ত্রী হওয়ার আশা করেছিলাম। আশা করি বর্ধিত মন্ত্রীসভায় নোয়াখালীর বর্ষিয়ান রাজনীতিবিদদের দেখতে পাবো।
“মন্ত্রী না পেলে অবহেলিত নোয়াখালী অবহেলিতই থেকে যাবে।নোয়াখালী বিভাগ, নোয়াখালী সিটি কর্পোরেশন, নোয়াখালী বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়নের জন্য নোয়াখালীর অন্তত ২ জন মন্ত্রী প্রয়োজন।”
