২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে শিক্ষার্থী হত্যায় ৫ জনের যাবজ্জীবন

২০১১ সালের ১৪ মে রাতে সদর উপজেলার রমনপুর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2026, 06:39 PM

Updated : 26 Aug 2026, 03:29 PM

মানিকগঞ্জ সদর উপজেলায় ইমরান হোসেন নামের এক ছাত্রকে হত্যার দায়ে পাঁচজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। 

রোববার দুপুরে আসামিদের উপস্থিতিতে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মোতাছিম বিল্লাহ এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি বুলবুল আহমেদ গোলাপ জানিয়েছেন। 

দণ্ডিতরা হলেন- আব্দুল্লাহ আল মতিন বাবু, সাকিব বিশ্বাস, কালাম মোল্লা, বুলবুল আহমেদ ও গোলামুর রহমান সেলিম। 

এর মধ্যে বুলবুল আহমেদ ও গোলামুর রহমান সেলিম পলাতক রয়েছেন।

তিনি বলেন, ইমরান হত্যা মামলার আসামিদের প্রত্যেককে কারাদণ্ডের পাশপাশি ২০ হাজার টাকা করে জরিমানা দিয়েছেন বিচারক। অনাদায়ে তাদের আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এ মামলায় নূরু ভূইয়া নামের একজনকে খালাস দেওয়া হয়েছে।

মামলার বিবরণে বলা হয়, ২০১১ সালের ১৪ মে রাতে সদর উপজেলার রমনপুর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার ছয় মাস আগে প্রতিবেশী বাবুর সঙ্গে ইমরান হোসেনের মারামারি হয়। ঘটনার আগের দিন ১৩ মে সেলিম তার বাড়িতে গিয়ে ইমরানের বোন লতার কাছ থেকে মোবাইল নম্বর চান। পরদিন রাতে সাকিব ও বুলবুল ইমরানের বাড়িতে গিয়ে ইমরানের সঙ্গে কথা বলেন। 

পরে সেলিম রমনপুর গ্রামের কালাম মোল্লার দোকানের পাশের একটি ব্রিজের কাছে নিয়ে গিয়ে পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে ইমরানের মাথার পেছনে ও তালুতে আঘাত করে তাকে হত্যা করে। হত্যার পর আসামিরা পালিয়ে যায়।

এ সময় সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা ইসলাম ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় ইমরানকে পড়ে থাকতে দেখে আশপাশের লোকজনকে জানান। পরে স্থানীয়দের সহায়তায় ইমরানকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মামলার তদন্তে জানা যায়, ঘটনার প্রায় ছয় মাস আগে প্রতিবেশী বাবুর সঙ্গে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটে। পরে গ্রাম্য সালিশে বিষয়টি মীমাংসা করা হলেও সেই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি বুলবুল আহমেদ গোলাপ বলেন, এ ঘটনায় ইমরানের বাবা মোহাম্মদ হাবিবুর রহমান মাস্টার ২০১১ সালের মে মাসের ১৫ তারিখে সদর থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে আদালত এ রায় দেয়।