পটুয়াখালীর নিখোঁজ ব্যক্তির লাশ মিলল শিবচরে
শহীদুল ইসলাম একটি কৃষি গবেষণা সংস্থায় চাকরি করতেন।
নিখোঁজের তিন দিন পর পটুয়াখালীর কলাপাড়া উপজেলার এক বাসিন্দার লাশ উদ্ধারের তথ্য দিয়েছে পুলিশ।
শনিবার সকালে মাদারীপুরের শিবচর উপজেলার সূর্যনগর এলাকায় তার লাশ পাওয়া যায়।
নিহত ব্যক্তির নাম শহীদুল ইসলাম (৪২)। তিনি কলাপাড়া উপজেলার সেরাজপুর গ্রামের বাসিন্দা।
শিবচর হাইওয়ে থানার ওসি জহুরুল ইসলাম বলেন, “সকালে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। পরে সেখান থেকে লাশের পরিচয় নিশ্চিত করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
“ময়নাতদন্ত শেষে শনিবার বিকালে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে শিবচর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
পুলিশ ও নিহতের স্বজনদের তথ্য অনুযায়ী, শহীদুল ইসলাম বুধবার সকালে ঢাকার গুলশান এলাকা থেকে পটুয়াখালীর উদ্দেশে রওনা দেন। দুপুরের পর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
নিহতের খালাতো ভাই রনি দফাদার বলেন, শহীদুল ইসলাম পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া সম্পন্ন করেন। তিনি চাকরি করতেন কৃষি গবেষণা সংস্থা—সিআইএমএমওয়াইটিতে; উন্নয়ন সমন্বয়কারী পদে।
