Published : 24 Jun 2026, 09:16 PM
মাদারীপুরের রাজৈর উপজেলায় ১৫ বছরের এক মেয়েকে অপহরণের পর ধর্ষণ মামলায় এক যুবককে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার মাদারীপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আ স ম শহীদুল্লাহ কায়সার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) শরীফ মো. সাইফুল কবীর।
দণ্ড পাওয়া নাফিজ মোল্লা উপজেলার পূর্বকান্দি শাখারপাড় গ্রামের বাসিন্দা।
মামলার বরাতে পিপি সাইফুল কবীর বলেন, “২০২৩ সালের ২১ মার্চ ভোরে নবম শ্রেণির ওই ছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার পথে তাকে অপহরণ করে নিয়ে যান নাফিজ ও তার সহযোগীরা। পরে অজ্ঞাত স্থানে নিয়ে তাকে ধর্ষণ করা হয়।
“অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার ও নাফিজকে গ্রেপ্তার করে পুলিশ।”
পরে এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে রাজৈর থানায় অপহরণ ও ধর্ষণ মামলা করেন।
সাক্ষ্য গ্রহণ শেষে আসামিকে ১৪ বছরের কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও ছয় মাস কারাবাসে থাকতে হবে বলে জানান রাষ্ট্রপক্ষের আনজীবী সাইফুল কবীর।
তিনি বলেন, রায়ে বাদীপক্ষ ন্যায় বিচার পেয়েছেন। তারা এ রায়ে সন্তুষ্ট। রাষ্ট্রপক্ষও সন্তুষ্ট হয়েছে।