ফরিদপুর মেডিকেলে হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু
২৪ ঘণ্টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৩ জন ভর্তি হয়েছে।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মারা যাওয়া শিশুরা হল- মাদারীপুর জেলার শিবচর উপজেলার সেলিম শেখের মেয়ে সাবিহা (সাত মাস) এবং রাজবাড়ী জেলার পাংশা উপজেলার জসিম শেখের ছেলে আয়াতুল্লাহ (সাত মাস)।
সিভিল সার্জন মাহমুদুল হাসান বলেন, সাবিহা বুধবার এবং আয়াতুল্লাহ বৃহস্পতিবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, ২৪ ঘণ্টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৩ জন ভর্তি হয়েছে। বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোতে ৩৫ জন শিশু চিকিৎসাধীন।
হাম উপসর্গের রোগী বৃদ্ধি পাওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। তবে রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এবং বিছানা সংকুলন না হওয়ায় হাসপাতালের বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিচ্ছে রোগীরা।
