২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে পুলিশের সঙ্গে ছাত্রদলের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৪

“হামলায় ছাত্রদলের চার নেতাকর্মী আহত হয়েছেন।”

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2024, 05:54 PM

Updated : 26 Aug 2026, 10:01 AM

সিলেট নগরীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল শেষে পিকেটিংয়ের সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার বেলা ২টার দিকে নগরীর বন্দরবাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে সিলেট কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিন জানান।  

তিনি বলেন, “পিকেটিং করার সময় ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে। তারা বন্দরবাজার এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”    

প্রত্যক্ষদর্শীরা জানায়, নামাজের পর ছাত্রদল নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে কামরান চত্বর এলাকা গিয়ে সরকার বিরোধী স্লোগান ও পিকেটিং শুরু করে। পরে ছাত্রদল নেতাকর্মীরা কয়েকটি ককটেল ফাটালে পুলিশ গিয়ে ফাঁকা গুলি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় তাদের পুলিশের সঙ্গে ছাত্রদলে নেতা কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

তখন বন্দরবাজার ও জিন্দাবাজার এলাকার ব্যবসায়ী এবং পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা মার্কেটের গেইট, দোকানের শাটার লাগিয়ে নিরাপদ আশ্রয় নেন।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “ছাত্রদলের নেতাকর্মীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কোটা আন্দোলনে নিহত ও আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে মিছিল বের করেছিল।

“ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে সন্ত্রাসীরা হামলা চলিয়েছে বলে জানিয়েছেন নেতাকর্মীরা। হামলায় ছাত্রদলের চার নেতাকর্মী আহত হয়েছেন।”

পুলিশের বাধার কারণে নগরীর রেজিস্ট্রারি মাঠে কোটা আন্দোলনে নিহত শিক্ষার্থীদের গায়েবানা জানাজা পড়তে পারেনি বলে জানিয়ে তিনি বলেন, “রেজিস্ট্রারি মাঠে গণতান্ত্রিক আন্দোলনে সমমনা দলের ব্যানারে গায়েবানা জানাজার নামাজ আদায়ের প্রস্তুতি নিলে পুলিশ এসে বাঁধা দেয়। পরে আমরা অন্য স্থানে গায়েবানা জানাযার নামাজ আদায় করি।”

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, “বন্দরবাজার এলাকায় নাশকতার চেষ্টা করলে পুলিশ সদস্যরা প্রতিহত করেছে। এ সময় ৪-৫ জন পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি।”