নারায়ণগঞ্জে অপহরণের পর মারধর: আসামি ডিআইজি হারুন
“২০২০ সালের ১৫ সেপ্টেম্বর ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে শাহ আলমকে অপহরণ করা হয়।”
নারায়ণগঞ্জে এক ব্যবসায়ীকে চাঁদার জন্য অপহরণ করে মারধরের অভিযোগে করা মামলায় পুলিশের ডিআইজি হারুন অর রশীদকে আসামি করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম জানান, ভুক্তভোগী ব্যবসায়ী মো. শাহ আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। অপহরণের পর চাঁদা দাবি ও মারধরের অভিযোগে দায়ের করা মামলায় ১১ জনকে আসামি করা হয়েছে।
নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক হাকিম মোল্লার নির্দেশে বুধবার দুপুরে ফতুল্লা মডেল থানায় মামলাটি নথিভুক্ত করা হয়।
এ মামলায় শ্রমিক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ পলাশ, কিশোরগঞ্জের নিকলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোকাররম সর্দারকেও এ মামলায় আসামি করা হয়েছে।
মামলার বরাতে ওসি বলেন, “২০২০ সালের ১৫ সেপ্টেম্বর ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে শাহ আলমকে অপহরণ করা হয়। পরে ফতুল্লার আলীগঞ্জ এলাকায় মোকাররম সর্দারের ব্যক্তিগত কার্যালয়ে নিয়ে তাকে মারধর করা হয় এবং তার সঙ্গে থাকা ২০ লাখ টাকাও চাঁদা হিসেবে নিয়ে যান আসামিরা।
ওই সময় হারুন অর রশীদ নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার ছিলেন। মোকাররম সর্দারের সঙ্গে হারুনের সখ্যতা থাকায় এই ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী তখন মামলা করার সাহস পাননি বলে এজাহারে উল্লেখ করেছেন বাদী।
