Published : 15 Jan 2026, 08:55 PM
বগুড়ার শেরপুর উপজেলায় সড়কে গাছ ফেলে গতিরোধ করে এক চালকের হাত-পা বেঁধে রেখে তার ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান শেরপুর থানার ওসি ইব্রাহীম আলী।
ভুক্তভোগী ইজিবাইক চালক মো. দুলাল হোসেন (৫০) ওই ইউনিয়নের আটাইল গ্রামের প্রয়াত তফের আলীর ছেলে।
পুলিশ জানান, জীবিকার তাগিদে দুলাল প্রতিদিন ভোরে স্থানীয় ‘নাবিল হাইওয়ে হোটেলের’ কর্মচারীদের কর্মস্থলে পৌঁছে দেওয়ার কাজ করতেন। ভোরে তেঁতুলতলা এলাকায় পাঁচজনের একটি দল রাস্তার ওপর গাছের গুঁড়ি ফেলে তার ইজিবাইকে গতিরোধ করে।
এক পর্যায়ে ছিনতাইকারীরা ধারালো অস্ত্রের মুখে দুলালকে জিম্মি করে হাত-পা বেঁধে রাস্তার পাশে ফেলে রাখে। পরে তারা ইজিবাইক, চালকের কাছে থাকা ৭৫০ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
দুলাল হোসেন বলেন, “হঠাৎ রাস্তায় গাছ দেখে থামতেই তারা আমাকে ঘিরে ধরে। তাদের হাতে ধারালো অস্ত্র ছিল। গাড়িটি ছিল আমার পরিবারের আয়ের একমাত্র মাধ্যম।”
এ ঘটনায় দুপুরে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন তিনি।
স্থানীয় বাসিন্দারা জানান, ওই সড়কটি নির্জন হওয়ায় সেখানে প্রায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। বিষয়টি পুলিশকে একাধিকবার জানানো হলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করেন তারা।
ওসি ইব্রাহীম আলী বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ তদন্ত শুরু করেছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।